গণমিছিল বা গণসমাবেশ করার চিন্তা বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ বৃহস্পতিবার ২৪ ঘণ্টার হরতালের পর অবরোধ অব্যাহত রেখেই রাজধানীতে একটি ‘গণমিছিল’ বা ‘গণসমাবেশ’ কর্মসূচি দেওয়ার চিন্তা করছে বিএনপি। আগামী সপ্তাহে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হতে পারে বলে দলের নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক সূত্র জানিয়েছে।
বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপির এসব কর্মসূচি নির্ধারণ ও কৌশল সম্পর্কে দলের জ্যেষ্ঠ নেতাদের অনেকেই অবগত নন। ফলে কর্মসূচি ঘোষণা থেকে বাস্তবায়ন পর্যন্ত সমন্বয়হীনতা ও সিদ্ধান্তহীনতা প্রায়ই দৃশ্যমান হচ্ছে। গত এক সপ্তাহে দলের একাধিক সিদ্ধান্ত সকালে ঘোষণার পর বিকেলে পরিবর্তন হয়েছে। আগের দিনের ঘোষণা পরদিন পাল্টে গেছে।
সর্বশেষ গতকাল বুধবার বেলা পাঁচটায় বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে ঢাকাসহ (মহানগর ছাড়া) আশপাশের নয়টি জেলায় আজ বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতালের কর্মসূচি ঘোষণা করেন। এর দেড় ঘণ্টার মাথায় সন্ধ্যা সাড়ে ছয়টায় আরেক বিবৃতি দিয়ে আজ ঢাকা মহানগরে সকাল ছয়টা থেকে শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টা হরতালের ঘোষণা দেন তিনি।
এর আগে আরাফাত রহমানের জানাজার স্থান প্রথমে নয়াপল্টনে, এরপর বায়তুল মোকাররমে ঘোষণা করা হয়। তারও আগে গত রোববার বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের ফটকের সামনে থেকে প্রধানমন্ত্রীর ফিরে আসার পরদিনই দলের দুজন নেতা দুই রকম বক্তব্য দেন। দলের কয়েকজন জ্যেষ্ঠ নেতার সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, ‘শনিবার প্রধানমন্ত্রীকে যথোপযুক্ত সম্মান না দেখানো সঠিক হয়নি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এ বিষয়ে একেবারেই অজ্ঞাত ছিলেন। তখন ছিলেন প্রায় অজ্ঞানের মতো। আমরা কেউ তাঁর সঙ্গে দেখা করার সুযোগ পাইনি।’ ওই দিনই সন্ধ্যায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক বিবৃতিতে বলেন, খালেদা জিয়াকে সহানুভূতি জানাতে তাঁর গুলশানের কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসাটা নিছকই ছলনা ছিল।
এ সম্পর্কে জানতে চাইলে রুহুল কবির রিজভী গত রাতে প্রথম আলোকে বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অনুপস্থিতিতে আমি দায়িত্ব পালন করছি। আমি যা বলছি, সেটাই দলের বক্তব্য। মওদুদ আহমদ যা বলেছেন, সেটা তাঁর ব্যক্তিগত ব্যাপার।’
পুরো বিষয়টি দলের নেতৃত্বে সমন্বয়হীনতা কি না, জানতে চাইলে রুহুল কবির রিজভী বলেন, ‘আমরা একটা ভিন্ন রকম পরিস্থিতিতে আছি। স্বয়ং বিএনপির চেয়ারপারসনও একটা ভয়ংকর পরিবেশে আছেন। এ অবস্থায় কিছু কিছু ক্ষেত্রে সমন্বয়ের অভাব থাকাটা অস্বাভাবিক নয়।’
এ অবস্থায় এখন যে কর্মসূচি দেওয়া হচ্ছে, সেটা কারা নির্ধারণ করছেন, এ বিষয়ে জানতে চাইলে এখন দলে গুরুত্বপূর্ণ একাধিক নেতা জানান, আন্দোলনের ‘নাটাই’ মূলত খালেদা জিয়ার হাতে। বিএনপিতে আন্দোলনের তথ্য ফাঁস হওয়ার প্রবণতা থাকায় এবার খালেদা জিয়া হাতে গোনো কয়েকজন নেতার সঙ্গে আলোচনা করে কর্মসূচি ঠিক করছেন। আর খালেদা জিয়া গ্রেপ্তার হয়েছেন, এমনটা ধরে নিয়েই আন্দোলনের ছক কষা হয়েছে। এ ছাড়া দলের দ্বিতীয় শীর্ষ নেতা তারেক রহমানও মা খালেদা জিয়াকে পরামর্শ দিয়ে সহায়তা করছেন।
এসব নেতা দাবি করেন, তারেক রহমান তাঁর পরামর্শ মায়ের মাধ্যমেই দিচ্ছেন। আর খালেদা জিয়া নিজে দলের জেলা ও বিভাগীয় পর্যায়ের নেতাদের সঙ্গে টেলিফোনে যোগাযোগ রাখছেন। কেন্দ্রীয় নেতাদের মধ্যে যখন যাঁকে যে কাজে প্রয়োজন, তাঁকে সে কাজের দায়িত্ব দিচ্ছেন।
দলটির কর্মকৌশল নির্ধারণের বিষয়ে কেন্দ্রীয় নেতাদের কেউ এখনই উদ্ধৃত হয়ে কিছু বলতে রাজি হননি। নাম প্রকাশ না করার শর্তে একাধিক নেতা বলেন, অবরোধ চলাকালে বিভিন্ন স্থানে গাড়িতে পেট্রলবোমা হামলায় অসংখ্য মানুষ অগ্নিদগ্ধ হওয়ার ঘটনায় আন্দোলন সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। এটা কাটাতে ঢাকায় বড় গণমিছিলের চিন্তা করা হচ্ছে। এ ক্ষেত্রে খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমানের জানাজায় বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি তাঁদের উৎসাহিত করেছে।
বিএনপির কোনো কোনো নেতার মূল্যায়ন হচ্ছে, মাঝেমধ্যে হরতাল দিয়েও টানা অবরোধ কর্মসূচি প্রত্যাশিত মাত্রায় ধরে রাখা যাচ্ছে না। বিশেষ করে রাজধানীর ভেতরে অবরোধের প্রভাব ক্রমেই কমে যাচ্ছে। অপরদিকে গাড়িতে পেট্রলবোমা হামলায় হতাহতের ঘটনাকে পুঁজি করে সরকার ও সরকার-সমর্থিত বিভিন্ন সংগঠন বিএনপির আন্দোলনকে ‘সহিংসতা’ হিসেবে প্রচারে নেমেছে। এতে নির্দলীয় সরকারের অধীন সংসদ নির্বাচনের জন্য সংলাপ-সমঝোতার দাবিতে চলমান আন্দোলন সম্পর্কে জনমনে বিভ্রান্তি বা নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। এ অবস্থায় সহিংসতার দুর্নাম কাটিয়ে আন্দোলনকে রাজনৈতিক রূপ দিতে গণমিছিল বা গণসমাবেশের কর্মসূচির চিন্তা করা হচ্ছে।
এ ছাড়া দলটির নীতিনির্ধারকেরা মনে করছেন, আরাফাত রহমান কোকোর জানাজায় স্বতঃস্ফূর্তভাবে যে বিপুলসংখ্যক মানুষ অংশ নিয়েছে, তা সরকারকে মানসিকভাবে বেশ চাপে ফেলেছে। এই চাপ কাটাতে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোট আগামীকাল শুক্রবার আগুনে পুড়ে নিহত ব্যক্তিদের স্মরণে বায়তুল মোকাররম মসজিদে গায়েবানা জানাজা কর্মসূচি ও সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ দিয়েছে। এ অবস্থায় বিএনপি ঢাকায় বড় ধরনের গণমিছিল করতে পারলে সরকার আরেক দফা চাপে পড়বে। আর সরকার এমন কর্মসূচি করতে দিলে বিএনপির কৌশল হবে এক রকম। করতে না দিলে তখন অবরোধ-হরতালকে আরও কঠোরভাবে পালনের ওপর মনোযোগ বাড়াবে।
বিএনপির সূত্রগুলো দাবি করছে, তারা আরও লম্বা সময় আন্দোলনকে টেনে নিতে চায়। তাই যথাসম্ভব দলীয় শক্তি কম ক্ষয় করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ক্লান্ত করার কৌশল অনুসরণ করা হচ্ছে।
কাল দোয়া মাহফিল: বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট চলমান আন্দোলনে নিহত ব্যক্তিদের জন্য কাল শুক্রবার সারা দেশে জুমার নামাজ শেষে বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিলের কর্মসূচি দিয়েছে।
গতকাল এক বিবৃতিতে বিএনপির কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা দেন। বিবৃতিতে বলা হয়, ‘পুলিশ-র্যাব ও যৌথ বাহিনীর হাতে নিহত এবং নাশকতার উদ্দেশ্যে সরকারি এজেন্ট দ্বারা নিক্ষিপ্ত পেট্রলবোমায় যেসব সাধারণ মানুষ মৃত্যুবরণ করেছেন, তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহত ব্যক্তিদের সুস্থতা কামনায় ২০-দলীয় জোটের উদ্যোগে শুক্রবার বিএনপি ও জোটের সব পর্যায়ের নেতা-কর্মীকে মসজিদে মসজিদে বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিলের কর্মসূচি পালনের জন্য অনুরোধ করা হচ্ছে।’
বিএনপির দায়িত্বশীল নেতারা বলছেন, আগুনে দগ্ধ হয়ে নিহত ব্যক্তিদের জন্য গায়েবানা জানাজার আয়োজন করে সরকার বিএনপিকে সাধারণ মানুষের প্রতিপক্ষ বানানোর কৌশল নিয়েছে। তাই সরকারের এ কৌশলের বিপরীতে একই দিন এই দোয়ার কর্মসূচি দেওয়া হয়েছে। এ ছাড়া আগুনে দগ্ধ হয়ে নিহত ও আহত ব্যক্তিদের আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়ার চিন্তা করা হচ্ছে।