গণসংহতি আন্দোলনের মিছিলে পুলিশের বাধা
দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে গণসংহতি আন্দোলনের মিছিলে বাধা দিয়েছে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাক্কাধাক্কি হয়। এতে গণসংহতির বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হন। আজ বৃহস্পতিবার বেলা একটার দিকে সচিবালয়সংলগ্ন রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে। তবে বাধা দেওয়া ও লাঠিপেটার অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।
ভোজ্যতেল, চাল, ডাল, সিলিন্ডার গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের লাগামহীন মূল্যবৃদ্ধির তৎপরতা রুখে দাঁড়াতে আজ বেলা সাড়ে ১১টা থেকে পৌনে ১টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে গণসংহতি। সমাবেশ শেষে একটি মিছিল নিয়ে বিভিন্ন এলাকা ঘুরে তারা পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সচিবালয়ের সামনে বিক্ষোভ করতে যাচ্ছিল।
মিছিলে আন্দোলনকারীরা ‘গ্যাসের দাম বাড়ায় যারা, জনগণের শত্রু তারা’, ‘শেখ হাসিনার সরকার, মূল্যবৃদ্ধির পাহারাদার’সহ প্রভৃতি স্লোগান দেন।
মিছিল নিয়ে গুলিস্তানের জিরো পয়েন্টে গেলে সচিবালয়ের রাস্তার সামনে ব্যারিকেড দেয় পুলিশ। তারপরও এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ কয়েকজনকে লাঠিপেটা করে। এরপর আন্দোলনকারীরা থেমে যান এবং সচিবালয়ের সামনে বিক্ষোভ করা ছাড়াই ফেরেন।
আহত ব্যক্তিদের একজন গণসংহতি আন্দোলনের একটি ওয়ার্ডের সহসভাপতি মো. মিলন মোল্লা। তিনি প্রথম আলোকে বলেন, ‘পুলিশ আমাকে লাঠি দিয়ে হাঁটুর ওপরে ও কোমরে চার থেকে পাঁচটা বাড়ি দিয়েছে। সেসব জায়গা কালো হয়ে গেছে।’
গণসংহতি আন্দোলনের মিরপুর অঞ্চলের সংগঠক লুৎফুন নাহার প্রথম আলোকে বলেন, ‘আমার পায়ে পুলিশ বুট দিয়ে লাথি দিয়েছে।’
পুলিশের বাধার পর জিরো পয়েন্টে ক্ষোভ প্রকাশ করে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ‘আজ আমরা শান্তিপূর্ণভাবে সচিবালয়ের সামনে বিক্ষোভ করতে চেয়েছি। পুলিশ বাধা দিয়েছে। পুলিশ আমাদের কর্মীদের ওপর যেভাবে হামলা করেছে, তাতে ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন।’
গ্যাস ও পানির দাম বাড়ানোর প্রস্তাব অবিলম্বে ফিরিয়ে নেওয়ার দাবি জানিয়ে জোনায়েদ সাকি বলেন, ‘দ্রব্যমূল্যের লাগাম টেনে দেওয়ার জন্য সরকারের কাছে দাবি করি। যদি না পারেন, লাগাতার আন্দোলন চলবে। অন্যান্য সংগঠনকে নিয়ে অচিরেই আমরা হরতালের ডাক দেব।’
আঘাতের অভিযোগ অস্বীকার করে পুলিশের রমনা জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হারুন অর রশীদ প্রথম আলোকে বলেন, ‘জিরো পয়েন্টে কর্তব্যরত কোনো পুলিশ সদস্য কারও ওপর কোনোভাবেই আঘাত করেননি। আমরা সচিবালয় ও আশপাশ এলাকার নিরাপত্তার স্বার্থে এখানে নিয়োজিত ছিলাম। তাদের ওপর কে হামলা করেছে না করেছে, তারাই ভালো বলতে পারবে। কোনো ইস্যুই ছিল না হামলা করার।’
কেন বাধা দেওয়া হলো—এমন এক প্রশ্নের জবাবে হারুন অর রশীদ বলেন, ‘পুলিশের পক্ষ থেকে কোনো বাধা দেওয়া হয়নি। তাঁরা যাননি কেন, তাঁরাই ভালো বলতে পারবেন। ওনারা ইচ্ছা করলে যেতেই পারতেন। ওনারা যাননি। হয়তো ওনাদের কোনো পিছুটান আছে।’