ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থীকে নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনায় বাধা, নেতা-কর্মীদের বিরুদ্ধে পুলিশি নির্যাতন ও হয়রানি, মিথ্যা মামলায় বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি।
গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় শহরের দক্ষিণ মৌড়াইলে জেলা বিএনপির সভাপতি ও মেয়র প্রার্থী হাফিজুর রহমান মোল্লার বাসভবনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হাফিজুর রহমান মোল্লা। তিনি বলেন, ‘নির্বাচনী মাঠ শূন্য করতে গণহারে বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে ব্রাহ্মণবাড়িয়ায় একুশে বইমেলার মঞ্চে নৌকার সমর্থনে ক্ষমতাসীন দলের ছাত্রলীগ, যুবলীগের কর্মিসভা,সমাবেশ ও মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। লগি, বইঠা ও হোন্ডা নিয়ে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা প্রতিদিন শহরে মিছিল বের করছেন। এসব বিষয়ে প্রশাসন সম্পূর্ণ নির্বিকার।
বিএনপি সূত্র জানায়, গত কয়েক দিনে জেলা বিএনপির প্রায় ১৭ থেকে ২০ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। কোনো মামলা না থাকা সত্ত্বেও বিএনপি সমর্থন করে বলে গণহারে গ্রেপ্তার করছে পুলিশ। আওয়ামী লীগের প্রার্থীকে জয়ী করতেই বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তারের মহাপরিকল্পনায় নেমেছে পুলিশ প্রশাসন।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক বলেন, গ্রেপ্তার আতঙ্কে রাতে কোনো নেতা-কর্মী বাড়িতে ঘুমাতে পারেন না। সকালে পাঁচজনকে নিয়ে বের হলে রাতেই বাকি চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। সংবাদ সম্মেলন করতে দিচ্ছে না পুলিশ।
সংবাদ সম্মেলনে জেলা যুগ্ম সম্পাদক আনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, সাবেক সহসভাপতি গোলাম সারোয়ার, জেলা যুবদলের আহ্বায়ক মনির হোসেন, ছাত্রদলের সভাপতি শামীম মোল্লা, সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদসহ অনেকেই উপস্থিত ছিলেন।