গণ-আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘চরম ধৈর্যের সঙ্গে চলমান গণ-আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে’ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান এ আহ্বান জানান।
গতকাল ২০-দলীয় জোটের শরিক বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানসহ জামায়াত ও জোটের প্রায় ৪০০ নেতা-কর্মীকে গ্রেপ্তারের নিন্দা এবং বিভিন্ন স্থানে দলের নেতা-কর্মীদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্যাতনের প্রতিবাদ জানিয়ে এ বিবৃতি দেওয়া হয়।
বিবৃতিতে অভিযোগ করা হয়, গতকাল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের ৫০টি বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও বাড়ির আসবাব জ্বালিয়ে দিয়েছে। রংপুরের মিঠাপুকুর উপজেলায় জামায়াতের নেতা আল আমিন ও তাঁর স্ত্রী বিউটি বেগম এবং প্রতিবেশী মৌসুমীকে ধরে নিয়ে যায়। থানায় নিয়ে পুলিশ আল আমিনের পায়ে গুলি করে ও হাত ভেঙে দেয়। এরপর তাঁকে চিকিৎসার জন্য পুলিশ হাসপাতালে পাঠিয়েছে বলে স্বজনদের কাছে দাবি করলেও তাঁর খোঁজ পাওয়া যায়নি। এ অবস্থায় স্বজনেরা উৎকণ্ঠায় আছেন।