বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৫ জানুয়ারির নির্বাচন ঘিরে দলের আন্দোলন প্রসঙ্গে বলেছেন, গত আন্দোলনে হয়তো কিছু ভুল ছিল। সে কারণে জনগণ তা গ্রহণ করেনি। তবে জনগণ কখনো ভুল করে না। তারা নিজের প্রয়োজনেই সরকার পতনের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে।
গতকাল সোমবার সকালে ঠাকুরগাঁওয়ের নিজ বাড়িতে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এসব কথা বলেন। তিনি ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতিও।
সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে আছে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বড় একটা চাপ এলে সরকার ডুবে যাবে।
আর এই চাপ সৃষ্টির জন্য বিএনপি জনগণকে আন্দোলনের সঙ্গে যুক্ত করতে গণসংযোগ চালিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, সরকারের পায়ের নিচে মাটি নেই বলেই তারা আস্ফালন করছে। জনগণের তীব্র আন্দোলনের স্রোতে তা যেকোনো সময় বিলীন হয়ে যাবে।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের বক্তব্যের বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘৫ জানুয়ারির নির্বাচন নিয়ে তাঁর বক্তব্যে আওয়ামী লীগের খোলস উন্মোচন হয়েছে। এ কারণে আমি তাঁকে ধন্যবাদ জানিয়েছি। ওই নির্বাচন নিয়ন্ত্রণ করতে সরকার যে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছিল, তাঁর বক্তব্যের পর এটা বুঝতে আর কারোরই বাকি থাকে না।’
সরকারবিরোধী আন্দোলন গড়ে তোলা প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, কতগুলো স্তর মেনে আন্দোলন দাঁড় করাতে হয়। আন্দোলন আবার একবারেই যে সফল হবে এমন কোনো কথা নেই। পাকিস্তানের স্বৈরশাসক জেনারেল আইয়ুব খানকে সরাতে ১২ বছরলেগেছে। আন্দোলনের মাধ্যমে আইয়ুব খানকে সরালেও আরেক স্বৈরশাসক ক্ষমতা দখল করে দেশের মানুষের ওপর অত্যাচার শুরু করে। আর স্বৈরাচার এরশাদকে সরাতেও নয় বছর সময় লেগেছিল।
মতবিনিময়কালে অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সহসভাপতি মির্জা ফয়সাল আমীন, সাধারণ সম্পাদক মো. তৈমুর রহমান, সাংগঠনিক সম্পাদক পয়গাম আলী, জেলা যুবদলের আহ্বায়ক মাহেবুল্লাহআবু নূর, সদস্যসচিব মাহবুব হোসেন ও ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।