গত বছর ৫ জানুয়ারি ঘিরে যা হয়েছিল
দশম জাতীয় সংসদ নির্বাচনের এক বছর পূর্তির দিন ২০১৫ সালের ৫ জানুয়ারি উপলক্ষে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি পালন নিয়ে তৈরি হয় উত্তপ্ত পরিস্থিতি। ৩ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করা নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে অচলাবস্থা তৈরি হয়। বিকল্প হিসেবে আওয়ামী লীগ রাজধানীর ১৬ জায়গায় অবস্থান কর্মসূচি এবং বিএনপি নয়াপল্টনে সমাবেশ করার প্রস্তুতি নেয়। তবে বিএনপির নেতা-কর্মীরা যেন ঢাকায় প্রবেশ করে কর্মসূচিতে অংশ নিতে না পারেন, এ জন্য রাজধানীর প্রবেশমুখে কড়াকড়ি আরোপ করে আইনশৃঙ্খলা বাহিনী। আইনশৃঙ্খলা বাহিনী বিএনপির শীর্ষ নেতাদের রাখে কড়া নজরদারিতে। ৪ জানুয়ারি গুলশান কার্যালয়ে অবস্থান নেন খালেদা জিয়া। এরপর বিএনপির নেতা রুহুল কবির রিজভী ‘নাটকীয়ভাবে’ আটকসহ নানা খবর প্রকাশিত হয়। ওই দিন পুরো পত্রিকাজুড়ে ছিল ৫ জানুয়ারির উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি-সংক্রান্ত খবর। ওই দিনের সংঘাতময় পরিস্থিতি, খালেদা জিয়ার লাগাতার অবরোধ ঘোষণা, মানুষের ভোগান্তি নিয়ে প্রতিবেদন আসে ৬ জানুয়ারির খবরের কাগজে।