গতি ফিরে পাচ্ছে পুরান ঢাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হরতাল-অবরোধ তেমন একটা মানছে না মানুষ। জীবিকার তাগিদে নামছে পথে। দিনে–রাতে রাস্তায় যানজট লেগেই থাকছে। ছবিটি গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় রাজধানীর বাংলামোটর থেকে তোলা l প্রথম আলো
হরতাল-অবরোধ তেমন একটা মানছে না মানুষ। জীবিকার তাগিদে নামছে পথে। দিনে–রাতে রাস্তায় যানজট লেগেই থাকছে। ছবিটি গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় রাজধানীর বাংলামোটর থেকে তোলা l প্রথম আলো

বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের লাগাতার হরতাল-অবরোধে স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে পুরান ঢাকার ব্যবসা-বাণিজ্য। এই এলাকার স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে নিয়মিত হচ্ছে ক্লাস-পরীক্ষা। প্রধান সড়কগুলোতে রয়েছে যানজট। সদরঘাট টার্মিনাল থেকে দেশের দক্ষিণাঞ্চলে নিয়মিত ছেড়ে যাচ্ছে লঞ্চ।

গত রোববার ও গতকাল সোমবার চকবাজার, বাবুবাজার, বাদামতলী, ইসলামপুর, সদরঘাট, শ্যামবাজার, ধোলাইখাল, নয়াবাজার, তাঁতীবাজার ও বংশাল এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে। হরতালে এসব এলাকার সব দোকানপাট ছিল খোলা। বেচাকেনা ছিল প্রায় স্বাভাবিক। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিও স্বাভাবিক। ছিল না হরতাল-অবরোধের সমর্থনে মিছিল।

তবে গত ৪৮ ঘণ্টায় হরতাল চলাকালে কেবল গত রোববার বাবুবাজার এলাকায় পর পর পাঁচটি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে পুলিশ সূত্রে।

হরতাল-অবরোধের প্রায় দুই মাস পর কয়েক দিন ধরে ইসলামপুরে দোকানিদের বেচাকেনা কিছুটা বেড়েছে। ইসলামপুরের সাইফুল ক্লোথ হাউসের মালিক রাকিবুদ্দিন বলেন, টানা দুই মাস দোকানে বেচাবিক্রি ছিল না। মাস শেষে দোকান ভাড়া দিতেই হিমশিম খেতে হয়েছে। তবে ৮ থেকে ১০ দিন ধরে রাজধানীসহ আশপাশের অঞ্চলের ক্রেতারা আসছেন।

বাদামতলীর মমতাজ ফল বিতানের মালিক আজিজুল ইসলাম বলেন, ‘আগে দিনে ১৫ থেকে ২০ হাজার টাকার ফল বিক্রি করতাম। কিন্তু গত ৫ জানুয়ারির পর থেকে তা ১০ শতাংশে নেমে এসেছিল। এক দিনের ফল সাত দিনেও বেচতে পারিনি। তবে ক্রমান্বয়ে ক্রেতার সংখ্যা বাড়ছে।’

যানজটের ছবিটি রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বর থেকে রোববার তোলা l প্রথম আলো
যানজটের ছবিটি রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বর থেকে রোববার তোলা l প্রথম আলো



গত শনিবার থেকে বাদামতলীতে ফুটপাতে আবার আপেল ও মাল্টা ফলের ব্যবসা শুরু করেছেন বোরহান মিয়া (৪০)। তিনি বলেন, ‘বেচাকেনা না থাকায় ফলে পচন ধরত। তাই দুই মাস বইসা ছিলাম। পুঁজির টাকা থেকে সংসার চালাইছি। তাই এখন এক আত্মীয়ের কাছ থেকে কিছু টাকা ধার নিয়া আবার ব্যবসা শুরু করছি।’ একই কারণে ধোলাইখালের গাড়ির পুরোনো যন্ত্রাংশ বিক্রেতারা দুই মাসের বেশি সময় ধরে প্রত্যাশা অনুযায়ী ক্রেতা পাচ্ছেন না। এতে তাঁরা লোকসানের মুখে পড়েছেন। কোনো কোনো মালিক বাধ্য হয়ে ছাঁটাই করেছেন শ্রমিক।

শিক্ষাপ্রতিষ্ঠান: সদরঘাট থেকে লক্ষ্মীবাজার পর্যন্ত সাতটি স্কুল, তিনটি কলেজ ও একটি বিশ্ববিদ্যালয়ে আগের মতোই একধরনের চাঞ্চল্য দেখা গেছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রায় সব কটি বিভাগে ক্লাস-পরীক্ষা চলছে। স্বাভাবিক সময়ের মতোই ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি রয়েছে। এ ছাড়া শিক্ষক-শিক্ষার্থীদের যাতায়াতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহন রাজধানীর সব কটি সড়কে নিয়মিত চলতে দেখা গেছে।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক এ কে এম আক্তারুজ্জামান প্রথম আলোকে বলেন, রুটিন অনুযায়ী সব বিভাগের পরীক্ষা হচ্ছে।

রাজধানী যেন ফিরেছে পুরোনো সেই চেহারায়। ছবিটি রোববার রাজধানীর গুলিস্থান এলাকা থেকে বেলা তিনটার দিকে তোলা l প্রথম আলো
রাজধানী যেন ফিরেছে পুরোনো সেই চেহারায়। ছবিটি রোববার রাজধানীর গুলিস্থান এলাকা থেকে বেলা তিনটার দিকে তোলা l প্রথম আলো

সদরঘাট: গতকাল সন্ধ্যা ও রাতে ছেড়ে যাওয়ার অপেক্ষায় সদরঘাট টার্মিনালে প্রায় ৩০ থেকে ৪০টি লঞ্চ ছিল। কিছু লঞ্চে মালামাল ওঠাচ্ছেন ঘাট শ্রমিকেরা। এ ছাড়া ঘাটের আশপাশের দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান ছিল খোলা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ঢাকা নদীবন্দরের ট্রাফিক বিভাগের যুগ্ম পরিচালক মো. জয়নাল আবেদিন প্রথম আলোকে বলেন, স্বাভাবিক সময়ের মতোই দেশের দক্ষিণাঞ্চলে লঞ্চ চলাচল করছে। যাত্রীর সংখ্যাও আগের চেয়ে বেড়েছে।

 যানবাহন: পুরান ঢাকার সদরঘাট-গুলিস্তান ও বাবুবাজার-যাত্রাবাড়ীসহ প্রধান সড়কগুলোতে সকাল ১০টার পর থেকেই শুরু হয় যানজট। একই চিত্র থাকে রাত আটটা পর্যন্ত। এ ছাড়া গলির সড়কগুলোতে সারা দিনই লেগে থাকে রিকশাজট।

গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে বাহাদুর শাহ পার্ক এলাকা থেকে সাভার পরিবহনের একটি বাসে ওঠেন এই প্রতিবেদক। গুলিস্তান পৌঁছাতে সময় লেগেছে প্রায় ৪০ মিনিট। এই বাসের যাত্রী সোহেল আহমেদ বলেন, সব রাজনৈতিক দলই জনগণের দোহাই দিয়ে হরতাল ডাকে। কিন্তু পেটে ভাত না থাকলে কে শোনে কার কথা। রাস্তায় যানজট ও মানুষের বেরিয়ে আসাই তার প্রমাণ।