গফরগাঁও পৌর নির্বাচন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার নির্বাচন তিন মাস স্থগিত করেছেন হাইকোর্ট। একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এফ আর এম নাজমুল আহাসানের সমন্বয়ে গঠিত অবকাশকালীন বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেন।
গফরগাঁও পৌরসভার সঙ্গে গফরগাঁও ইউনিয়নকে অন্তর্ভুক্ত করার দাবিতে হাইকোর্টে ওই রিট আবেদনটি করেন ইউনিয়নের বাসিন্দা মো. আলী। আবেদনে বলা হয়, গফরগাঁও ইউনিয়নকে পৌরসভার সঙ্গে অন্তর্ভুক্ত করতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আবেদন জানানো হলে মন্ত্রণালয় থেকে বলা হয়, নির্বাচনের পর সংশ্লিষ্ট ইউনিয়নকে পৌরসভায় অন্তর্ভুক্ত করা হবে। কিন্তু আবেদনে নির্বাচনের আগেই ওই ইউনিয়নকে অন্তর্ভুক্ত করার দাবি জানান। এটি না হওয়া পর্যন্ত গফরগাঁও পৌরসভার নির্বাচন স্থগিত রাখার আবেদন জানিয়ে রিট আবেদন করা হয়।
রিট আবেদনের পক্ষে আদালতে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায়। শুনানি শেষে হাইকোর্ট নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেন এবং ওই ইউনিয়নকে কেন গফরগাঁও পৌরসভার সঙ্গে অন্তর্ভুক্ত করা হবে না—জানতে চেয়ে রুল দেন।