গফরগাঁওয়ে বিএনপির প্রার্থীর নির্বাচন বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার আজ বেলা সাড়ে ১২টার দিকে বিএনপির প্রার্থী শাহ আবদুল্লাহ আল মামুন নির্বাচন বর্জন করেছেন। বেলা একটার দিকে ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার বাতেনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, কেন্দ্রের বাইরে নৌকার সমর্থকেরা গলায় ব্যাজ ঝুলিয়ে কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে আছেন আর ভেতরে দু-একজনকে দেখা গেছে।
একজন নারী ভোটার অভিযোগ করেন, তিনি কাউন্সিলর পদে দুটি ভোট দিতে পারলেও মেয়র পদে ভোট দিতে পারেননি। এ সময় একজন পুলিশ কর্মকর্তা ও স্থানীয় যুবক ওই নারীকে সরিয়ে নেন। এই কেন্দ্রে একজনকে প্রকাশ্যে ব্যালটে সিল মারতে দেখা গেছে। ভোট কেন্দ্রে বিএনপি প্রার্থীর কোনো নির্বাচনী এজেন্টকে দেখা যায়নি।
জানতে চাইলে প্রিসাইডিং কর্মকর্তা আনোয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, বিএনপির কোনো এজেন্ট কেন্দ্রে আসেনি।
খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সালটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি কেন্দ্রে একইরকম ফাঁকা দৃশ্য দেখা গেছে।
বিএনপির প্রার্থী শাহ আবদুল্লাহ আল মামুন নির্বাচন বর্জনের কারণ সম্পর্কে অভিযোগ করেন, সব কেন্দ্রে সকাল থেকে মেয়র পদের ব্যালট দেওয়া হচ্ছে না। কোথাও দেওয়া হলেও সবার সামনে নৌকায় ভোট দেওয়া হচ্ছে। তাঁর স্ত্রীসহ পরিবারের কয়েকজন সদস্য ভোট দিতে গিয়েও ভোট দিতে পারেননি। এজেন্টদের ভয়ভীতি দেখানোয় তাঁরা কেন্দ্রে যেতে পারেননি। তিনি রিটার্নিং কর্মকর্তার কাছেও এ অভিযোগ করেছেন।
সরেজমিন ঘুরে বিএনপি প্রার্থীর পোস্টার সেভাবে চোখে পড়েনি। বিএনপি নেতা-কর্মীদের মাঠে দেখা যায়নি। এ অবস্থায় মেয়র প্রার্থী শাহ আবদুল্লাহ আল মামুন নিজেও ভোট দিতে যাননি।
জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা সিদ্ধার্থ শংকর কুন্ডু বলেন, বিএনপি প্রার্থীর অভিযোগ পেয়েছেন। তবে সরেজমিনে বিভিন্ন কেন্দ্র ঘুরে তিনি এ অভিযোগের সত্যতা পাননি। কোনো ভোটার তাঁর কাছে অভিযোগ করেননি। ভোটাররা কেউ ব্যালটের বিষয়টি স্বীকারও করেননি।
আওয়ামী লীগের প্রার্থী এস এম ইকবাল হোসেন বলেন, তিনি এ ধরনের কোনো অভিযোগ শোনেননি।