গবেষণা না করে উদ্দেশ্যপ্রণোদিত রিপোর্ট করে সিপিডি: তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আসলে কোনো গবেষণা করে না। তারা সময়–সময় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত রিপোর্ট পেশ করে।
সোমবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন। তথ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
হাছান মাহমুদ বলেন, ইউরোপে কয়েক দশকের মধ্যে খাদ্যপণ্যের দাম সর্বোচ্চ। সেখানে রুটির দাম বেড়েছে ৮০ শতাংশ, চালের দামও বেড়েছে। আমেরিকায়ও খাদ্যপণ্যের দাম বেড়েছে। ভারত, পাকিস্তানসহ সারা দুনিয়াতেই করোনা এবং যুদ্ধের কারণে দাম বেড়েছে। বাংলাদেশে কিছুটা বাড়লেও, তাদের তুলনায় তা কম। অথচ সিপিডি বলছে উল্টো কথা। ভুল তথ্য উপস্থাপন করে তারা নিজেদের জ্ঞানী প্রমাণ করতে চায়।
তথ্যমন্ত্রী বলেন, ‘সিপিডির প্রতিবেদন দেখে খুব আশ্চর্য হলাম। বাংলাদেশের মানুষ যে সুখী হচ্ছে, এটি নিয়ে কোনো কথা নেই; বরং উল্টা কথা বলে বসল। কম আয়ের মানুষ যাতে স্বল্পমূল্যে পণ্য কিনতে পারে, সে জন্য সরকার ১ কোটি মানুষকে কার্ড দেওয়ার কাজ শুরু করেছে। দেশের মানুষের মধ্যে একটি স্বস্তি ফিরে এসেছে যে স্বল্প আয়ের মানুষ স্বল্পমূল্যে এই পণ্যগুলো পাবে। এ বিষয়ে সিপিডি পরামর্শ দিতে পারত, সেটি না করে তারা একটা রিপোর্ট দিয়েছে। সরকারের এই উদ্যোগের প্রশংসা না করে উল্টা বলাই যেন সিপিডির কাজ।’
হাছান মাহমুদ আরও বলেছেন, জাতিসংঘের সুখী দেশের তালিকায় বাংলাদেশের ৭ ধাপ অগ্রগতি বিএনপির ক্রমাগত দেশবিরোধী অপপ্রচারের ওপর প্রচণ্ড চপেটাঘাত।
প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান হাছান মাহমুদ। তিনি বলেন, ‘আপাদমস্তক ভালো মানুষ জিল্লুর রহমান রাজনীতিকে দেশসেবা ও সমাজ পরিবর্তনের ব্রত হিসেবে নিয়েছিলেন। তাঁর কাছে অনেক কিছু শেখার আছে। আমাদের দলের সংকটকালে জিল্লুর রহমানের ভূমিকা দলের ইতিহাসে তো বটেই, বাংলাদেশের রাজনীতির ইতিহাসে অম্লান থাকবে।’
জিল্লুর রহমান পরিষদের সভাপতি ও বাংলাদেশ সংবাদ সংস্থার পরিচালনা পরিষদের চেয়ারম্যান আ আ ম স আরেফিন সিদ্দিক আলোচনা সভায় সভাপতিত্ব করেন। পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বিশেষ অতিথি ছিলেন। জিল্লুর রহমান পরিষদের সাধারণ সম্পাদক মো. আখতারুজ্জামানের সঞ্চালনায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি দিলীপ কুমার রায়, আওয়ামী লীগের নেতা এম এ করিম, বঙ্গমাতা পরিষদের সভাপতি শেখ শাহ আলম প্রমুখ জিল্লুর রহমানের স্মৃতিচারণা করেন।