গম তোলা নিয়ে উত্তেজনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর জলঢাকায় বিশেষ বরাদ্দের টেষ্ট রিলিফ (টিআর) প্রকল্পের গম নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ায় উপজেলা পরিষদ চত্বরে বিজিবি ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় বলে খবর পাওয়া গেছে। গতকাল রোববার দুপুরে এই বিজিবি ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তবে আওয়ামী লীগের স্থানীয় নেতারা কোনো ধরনের বিরোধের তথ্য অস্বীকার করেছেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৪-১৫ অর্থবছরে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে টিআর প্রকল্পে সম্প্রতি ৯৯ মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়। এ গম তোলার জন্য গতকাল দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে কমিটির নাম জমা দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনছার আলী ও সাধারণ সম্পাদক সহিদ হোসেন। অপরদিকে একই বরাদ্দ উত্তোলনে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি স্থানীয় সাংসদ অধ্যাপক গোলাম মোস্তফার পক্ষে তাঁর প্রতিনিধি আওয়ামী লীগ নেতা এ কে আজাদ অপর আরেকটি কমিটির নাম জমা দেন। ফলে দেখা দেয় উত্তেজনা। পরিস্থিতি সামাল দিতে উপজেলা পরিষদ চত্বরে বিজিবি ও পুলিশ মোতায়েন করা হয়।
তবে উপজেলা আওয়ামী লীগ নেতা সহিদ হোসেন বলেন, ‘এখানে আওয়ামী লীগে কোনো দ্বন্দ্ব নেই। প্রকল্প কমিটির মধ্যে কিছু দ্বন্দ্ব হলেও সেটি মিটিয়ে ফেলা হয়েছে। বিজিবি ও পুলিশ মোতায়েন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাড়াবাড়ি করেছেন।’
এদিকে ঢাকায় অবস্থানরত সাংসদ গোলাম মোস্তফা মুঠোফোনে বলেন, ‘দলীয় কোনো উত্তেজনার খবর আমার জানা নেই।’