গাংনীতে শান্তিপূর্ণ ভোট
আশঙ্কা ছিল গোলযোগের। তবে তেমন কিছু ঘটেনি। মেহেরপুরের গাংনী পৌরসভায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে। এখানে ৯টি কেন্দ্রে পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয় সকাল আটটা থেকে। বিকেলে গাংনী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর কর্মীদের মধ্যে কিছুটা উত্তেজনা ছাড়া আর কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
গাংনীতে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন আওয়ামী লীগের প্রার্থী আহম্মেদ আলী, বিএনপি প্রার্থী ইনসারুল হক। অন্য মেয়র প্রার্থীরা হলেন: আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আশরাফুল ইসলাম, জাতীয় পার্টির এস এম মর্তুজা আলম এবং ইসলামী আন্দোলনের হুজ্জাতুল ইসলাম।
সরেজমিনে গাংনীর পাইলট উচ্চ বিদ্যালয়, গাংনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাংনী মহিলা কলেজ কেন্দ্র পশ্চিম মালসা দহ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ঘুরে জানা যায়, বেলা তিনটার ভেতরেই প্রায় ৭০ ভাগ ভোট সম্পন্ন হয়েছে। বেলা তিনটায় পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার মো. আসাদুজ্জামান জানান তাঁর কেন্দ্রে দুই হাজার ৫৯ ভোটের মধ্যে ১৪৭৩ ভোট পড়ে। পাশেই মডেল প্রাথমিক বিদ্যালয়ে দুই হাজার ৫৪২ ভোটের মধ্যে ১২৯৯ ভোট পড়ে। প্রতিটি বুথেই সব মেয়র প্রার্থীদেরই পোলিং এজেন্ট ছিলেন।
গাংনীতে চৌগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাসেল নামের এক জনকে জাল ভোট দেওয়ার চেষ্টার সময় পুলিশ আটক করে। ভ্রাম্যমাণ আদালত তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়া আরও দুজনকে জাল ভোট দেওয়ার দায়ে জরিমানা করা হয়। আর ভোটের শেষ দিকে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে বেশ উত্তেজনা ছড়িয়ে পড়ে। গাংনী-আলমডাঙ্গা রোডের মডেল স্কুল কেন্দ্রের সামনে দুই পক্ষ মুখোমুখি হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ছাড়া সরকারি মডেল প্রাথমিক স্কুলের বিএনপি ও বিদ্রোহী আওয়ামী লীগের প্রার্থীর এজেন্টরা অভিযোগ করেন, সেখানে নৌকার কতিপয় সমর্থক জাল ভোট দেওয়ার চেষ্টা করেছিল। তবে তাঁরা বাধা দিয়েছেন। এ কারণে ভোটের পরে কেন্দ্র থেকে বের হলে তাদের ওপর হামলা করার হুমকি দেওয়া হয়েছে।
এ সময় এই এলাকায় উপস্থিত বিএনপির মেয়র প্রার্থী ইনসারুল হককে নির্বাচন সম্পর্কে মন্তব্য করতে বলা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
সাড়ে তিনটার দিকে গাংনীর রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. রোকনুজ্জামান বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত মান্নান ও শাহিনুজ্জামানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত জাল ভোট দেওয়ার চেষ্টার সময় তিনজনকে ১১ হাজার টাকা জরিমানা করেছেন। ভোট সম্পূর্ণ শান্তিপূর্ণ হয়েছে। কোনো প্রার্থীর পক্ষ থেকে ভোট নিয়ে কোনো অভিযোগ করা হয়নি। প্রায় শতকরা ৭০ ভাগ ভোট পড়েছে।