গাংনীতে সরে দাঁড়ালেন বিএনপির বিদ্রোহী প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরে গাংনী পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপির বিদ্রোহী প্রার্থী ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু নির্বাচন থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন। আজ শনিবার বেলা ১১টায় গাংনী উপজেলা বিএনপির কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

এর আগে আসাদুজ্জামান বাবলু মেয়র পদে নির্বাচনের জন্য সাহারবাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ ছেড়ে দিয়ে গাংনী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভোটার হন। পৌর এলাকায় প্রচারও চালিয়েছিলেন।

সংবাদ সম্মেলনে আসাদুজ্জামান বাবলু বলেন, সরকারবিরোধী আন্দোলনে তিনি সরকারের মামলা-হামলার শিকার হয়েছেন। এর পরও দল থেকে তাঁকে মনোনয়ন দেওয়া হয়নি। তিনি বলেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের প্রতি আস্থা রেখে এবং কেন্দ্রীয় কমিটির নির্দেশের প্রতি সম্মান দেখিয়ে আমি নির্বাচন থেকে সরে আসার ঘোষণা দিচ্ছি।’

এ সময় সেখানে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ আমজাদ হোসেন, গাংনী উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হক, পৌর বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোরাদ আলী, জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাইলা আরজুমান বানু উপস্থিত ছিলেন।