গাইবান্ধায় কাল ২০ দলের আধাবেলা হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা জেলায় আগামীকাল রোববার আধাবেলা হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ হরতাল পালিত হবে। আজ শনিবার বিক্ষোভ চলাকালে বিএনপিসহ ২০ দলের নেতা-কর্মীদের পুলিশের লাঠিপেটার প্রতিবাদে এ হরতাল ডাকা হয়েছে।

আজ পুলিশের হামলায় ১৫ নেতা-কর্মী আহত হয়েছেন বলে জেলা ২০ দল দাবি করেছে।

জেলা ২০ দলের ভাষ্য, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বেলা দুইটার দিকে বিএনপিসহ ২০ দলের নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জেলা বিএনপি কার্যালয়ে জমায়েত হন। বেলা আড়াইটার দিকে সেখান থেকে ২০-দলীয় জোটের একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিএনপি কার্যালয় থেকে কিছু দূর যেতেই পুলিশ পেছন থেকে লাঠিপেটা শুরু করে। এতে জেলা বিএনপির সভাপতি আনিসুজ্জামান খানসহ ১৫ জন নেতা-কর্মী আহত হন।

পরে জেলা বিএনপি কার্যালয়ে এক সমাবেশ করে ২০ দল। জেলা বিএনপির সভাপতি আনিসুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি মাহমুদুন নবী, জেলা কৃষকদলের আহ্বায়ক ইলিয়াস হোসেন, যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন প্রমুখ। সমাবেশ থেকে আগামীকাল আধাবেলা হরতালের কর্মসুচি ঘোষণা করা হয়।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিউর রহমান বলেন, বিএনপিসহ ২০ দলের নেতা-কর্মীরা জঙ্গি মিছিল বের করার চেষ্টা করলে বাধা দেওয়া হয়। তবে লাঠিপেটা করা হয়নি।