গাইবান্ধায় প্রতীক বদলানোর দাবি
পৌরসভা নির্বাচনে সংরক্ষিত নারী আসনের জন্য নির্ধারিত প্রতীক পরিবর্তনের দাবিতে গতকাল বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) স্মারকলিপি দেওয়া হয়েছে। জেলা প্রশাসক আবদুস সামাদের মাধ্যমে জাতীয় নারী জোট গাইবান্ধা জেলা শাখার পক্ষ থেকে এই স্মারকলিপি দেওয়া হয়।
এ সময় জাতীয় নারী জোটের জেলা সভাপতি নিলুফার বেগম ও সাধারণ সম্পাদক শিরিন আকতার, সদস্য আফরোজা বেগম, আলিয়া সুলতানা, সাজেদা পারভীন, নাজমা বেগম, আমেনা বেগম, বিউটি বেগমসহ নারীনেত্রীরা উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ‘এরই মধ্যে পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের দিনও নির্ধারিত হয়েছে। কিন্তু সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীদের জন্য চুড়ি, পুতুল, চকলেট, গ্যাসের চুলা, ফ্রক, ভ্যানেটি ব্যাগ ইত্যাদির মতো প্রতীক নির্ধারণ করা হয়েছে। এ ধরনের প্রতীকের কারণে আমরা মর্মাহত। ওই সব প্রতীক নারী সমাজের জন্য অপমানজনক। পুরুষতান্ত্রিক মানসিকতা ও দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে এসে বরাদ্দ করা প্রতীকগুলো পরিবর্তন করা হলে নারী সমাজের জন্য সম্মানজনক হবে।