গাইবান্ধায় বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের মিছিলে পুলিশের লাঠিপেটায় অন্তত ১৫ নেতা-কর্মী আহত হয়েছেন। এই ঘটনার প্রতিবাদে আজ রোববার সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল ডাকা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, গতকাল বেলা দুইটার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২০ দলের নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জেলা বিএনপি কার্যালয়ে জমায়েত হন। বেলা আড়াইটার দিকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিএনপি কার্যালয় থেকে কিছুদূর যেতেই পুলিশ পেছন থেকে লাঠিপেটা শুরু করে। এতে জেলা বিএনপির সভাপতি আনিসুজ্জামান খানসহ ১৫ নেতা-কর্মী আহত হন।
এ ঘটনার পর ২০ দলের জোটের নেতা-কর্মীরা জেলা বিএনপি কার্যালয়ে সমাবেশ করেন। সমাবেশে আজ রোববার আধা বেলা হরতালের কর্মসূচি ঘোষণা করা হয়। গাইবান্ধা সদর থানার ওসি রাজিউর রহমান বলেন, ২০ দলের নেতা-কর্মীরা জঙ্গি মিছিল বের করার চেষ্টা করলে বাধা দেওয়া হয়। কিন্তু লাঠিপেটা করা হয়নি।