গাইবান্ধার ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আ.লীগ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা সরেজমিন পরিদর্শনে আগামী রোববার সেখানে যাচ্ছেন আওয়ামী লীগের পাঁচ সদস্যের প্রতিনিধিদল। এ ঘটনায় কারও দায় পাওয়া গেলে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছে দলটি।
আজ শুক্রবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এসব কথা বলেন।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং বলেন, ‘৬ ও ৭ নভেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ ও বাগদা ফার্ম এলাকায় পরিকল্পিতভাবে পুলিশ ও সন্ত্রাসী বাহিনী মিলিতভাবে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বাঙালি কৃষকদের ওপর আক্রমণ চালায়। পুলিশের উপস্থিতিতে চিনিকল মালিকের সন্ত্রাসীরা আদিবাসীদের বাড়িঘরে আগুন দেয়। পুলিশের গুলিতে চারজন আদিবাসী সাঁওতাল নিহত হন। তাঁরা হলেন শ্যামল হেমব্রম, মঙ্গল মার্ডি, রমেশ টুডু এবং একজন নারী, যাঁর নাম জানা যায়নি।’
এ ঘটনার বিষয়ে মাহবুব উল আলম হানিফ সংবাদ সম্মেলনে বলেন, ঘটনাটি জেনেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। তাঁর পক্ষ থেকে তদন্তের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া ঘটনা তদন্ত করতে রোববার আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল ঘটনাস্থলে যাবে। সেখানে গিয়ে তাঁরা ঘটনার বিষয়ে খোঁজখবর নেবেন।
আওয়ামী লীগের প্রতিনিধিদলে থাকবেন দলটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা সম্পাদক টিপু মুন্সি, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী এবং কার্যনির্বাহী সদস্য রেমন্ড আরেং।