গাইবান্ধার দুই উপজেলায় আ.লীগের সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার দুই উপজেলায় গত বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়েছে। গোবিন্দগঞ্জে সাংসদ আবুল কালাম আজাদকে সভাপতি ও পৌর মেয়র আতাউর রহমান সরকারকে সাধারণ সম্পাদক এবং পলাশবাড়ীতে আবু বক্কর প্রধানকে সভাপতি ও শামিকুল ইসলামকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।
গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, গতকাল সকাল নয়টায় গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কাজী সাখায়াত হোসেন। সম্মেলনে বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাংসদ আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ শামস-উল-আলম, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাহমুদ হাসান, গাইবান্ধা পৌরসভার মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবির, জেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ হোসেন প্রমুখ। শেষে সাংসদ আবুল কালাম আজাদকে সভাপতি ও পৌর মেয়র আতাউরকে সাধারণ সম্পাদক করে উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়।
এর আগে বৃহস্পতিবার পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন পলাশবাড়ী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন। সম্মেলনে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম, গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনের সাংসদ ইউনুস আলী সরকার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক প্রমুখ। সম্মেলনের উদ্বোধন করেন সৈয়দ শামস-উল-আলম। ওই দিন রাত ১১টার দিকে সার্কিট হাউস মিলনায়তনে সমঝোতার ভিত্তিতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর প্রধানকে সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করে উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়।
আবু বকর সিদ্দিক ওই দুই উপজেলায় কমিটি গঠনের সত্যতা নিশ্চিত করেছেন।