গাইবান্ধায় আ.লীগের ৩ ও যুবদলের ১ নেতাকে তুলে নেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা আওয়ামী লীগের তিনজন ও যুবদলের একজন নেতাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার দুপুরে আওয়ামী লীগের তিন নেতার পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়েছে।
পুলিশ ও ওই নেতাদের পারিবারিক সূত্র জানায়, গত সোম ও মঙ্গলবার দুই দিনে আওয়ামী লীগের তিনজন ও যুবদলের একজন নেতাকে সাদাপোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। তাঁরা হলেন উপজেলা আওয়ামী যুবলীগের সহসভাপতি মনোয়ারুল হাসান, নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক মাইদুল ইসলাম, দামোদরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সাদেকুল ইসলাম ও নলডাঙ্গা ইউনিয়ন যুবদলের সহসাধারণ সম্পাদক শফিউল ইসলাম।
মনোয়ারুল হাসানের বাবা গোলাম মোস্তফা গতকাল বলেন, সোমবার রাত সাড়ে ১০টার দিকে মনোয়ারুল মোটরসাইকেল নিয়ে পাশের নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক সাদেকুল ইসলামের বাড়িতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর বিভিন্ন স্থানে খোঁজখবর নিয়েও তাঁদের দুজনের কোনো সন্ধান পাওয়া যায়নি। তাঁদের মুঠোফোনও বন্ধ।
মাইদুল ইসলামের ভাই নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তরিকুল ইসলাম বলেন, ‘মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সাদাপোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে কয়েকজন নলডাঙ্গা রেলগেট এলাকা থেকে আমার ভাইকে (মাইদুল) মোটরসাইকেলসহ তুলে নিয়ে যায়। তারপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।’
শফিউল ইসলামের বাবা আমিনুল ইসলাম বলেন, ‘মঙ্গলবার বেলা ১১টার দিকে নলডাঙ্গার কাচারিবাজার এলাকায় আমার ছেলে অবস্থান করছিল। এ সময় কয়েকজন কার্ড দেখিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দিয়ে তাকে তুলে নিয়ে যায়।’
এসব বিষয়ে জানতে চাইলে গতকাল বেলা সাড়ে তিনটায় সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস মুঠোফোনে বলেন, ‘পুলিশের কেউ তাঁদের তুলে নিয়ে যায়নি। এ নিয়ে তিন পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।’