গাইবান্ধায় আহত একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নে নির্বাচনী সংঘর্ষে আহত সাইদার রহমান (৩৬) নামের এক ব্যক্তি গতকাল মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
গত ফেব্রুয়ারিতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে সহিংসতায় এ নিয়ে অন্তত ১১৩ জনের প্রাণহানি হলো। এ ছাড়া নির্বাচনোত্তর হামলায় যশোরের শার্শা উপজেলার ডিহি ইউনিয়নে গত তিন দিনে অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, ৪ জুন তালুককানুপুর ইউনিয়নের ফুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী দুদু মিয়া ও আবদুর রহিম মিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুদু মিয়ার সমর্থক সাইদার রহমানসহ উভয় পক্ষের চারজন আহত হন। সাইদারকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকাল আটটায় তিনি মারা যান। নিহত সাইদার ওই ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের ছবেদ আলীর ছেলে।
ওসি আরও বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিহত ব্যক্তির লাশ গতকাল দুপুরে তাঁর পরিবারের লোকজন গোবিন্দগঞ্জ থানায় নিয়ে আসেন। এরপর লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এদিকে যশোরের শার্শা উপজেলার ডিহি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নবনির্বাচিত চেয়ারম্যান হোসেন আলীর সমর্থকেরা পরাজিত ব্যক্তিদের ওপর হামলা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের পরাজিত চেয়ারম্যান প্রার্থী এ কে এম ফজলুল হক বকুল।