গাইবান্ধায় ১৫ কেন্দ্রে নির্বাচন সম্পন্ন, সংঘর্ষে আহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে গতকাল সোমবার গাইবান্ধার চারটি উপজেলার ছয়টি ইউনিয়নের স্থগিত ১৫টি কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বেলা একটার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের তারদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী শরিফুল ইসলাম ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী তৌফিকুর হাসানের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অনন্ত ছয়জন আহত হন।
সংঘর্ষে আহত ব্যক্তিদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুপুরে পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আহমেদুল কবীর নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
জেলা নির্বাচন কর্মকর্তা শাহীনুর রহমান প্রামাণিক জানান, ব্যালট বাক্স ভাঙচুর ও ছিনতাই, ভোট কারচুপি, প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ওই সব কেন্দ্রে এর আগে ভোট গ্রহণ স্থগিত রাখা হয়েছিল। গতকাল কড়া নিরাপত্তার মধ্য দিয়ে স্থগিত কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ সম্পন্ন হয়।