গাজায় হামলার প্রতিবাদে মৌন মিছিল করবে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলা ও হত্যার প্রতিবাদে ১৬ আগস্ট কালো পতাকা হাতে মৌন মিছিল এবং সম্প্রচার নীতিমালার প্রতিবাদে ১৯ আগস্ট সমাবেশ করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। গতকাল রোববার রাতে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী পরিষদ স্থায়ী কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে।
আজ সোমবার দলটির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের সঙ্গে বৈঠক করে এই কর্মসূচি ও তারিখ চূড়ান্ত করে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
বৈঠক সূত্র জানায়, জোটের শরিক দলগুলোর নিজস্ব কোনো কর্মসূচি বা অসুবিধা না থাকলে ওই দুটি তারিখই চূড়ান্ত হতে পারে। এর বাইরে দলের প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথভাবে পালনের সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে ৩১ আগস্ট বিএনপি আলোচনা সভার আয়োজন করবে।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে তাঁর গুলশানের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য আর এ গণি, মওদুদ আহমদ, সারওয়ারী রহমান, এম কে আনোয়ার, মাহবুবুর রহমান, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
বৈঠকের এক ফাঁকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, পদ্মায় ডুবে যাওয়া লঞ্চ দুর্ঘটনা ও উদ্ধার করতে না পারার জন্য সরকারের ‘উদাসীনতা’কে দায়ী করে এর নিন্দা জানিয়েছে বিএনপি। সম্প্রচার নীতিমালা নিয়ন্ত্রণমূলক এবং একদলীয় শাসনব্যবস্থার দিকে হাঁটার পদক্ষেপ হিসেবে অভিহিত করে এটি পুরোপুরি বাতিলের দাবি জানানো হয়েছে। এ ছাড়া ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের আগ্রাসনের নিন্দা এবং দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য জাতিসংঘ, ওআইসি, আরব লিগের প্রতি আহ্বান জানানো হয়েছে।