গাজীপুর ও খুলনার মেয়র পদপ্রার্থীরা যা বললেন

যানজট বা জলাবদ্ধতার মতো জরুরি নাগরিক সমস্যার সমাধান মিলবে কি, বন্ধ হয়ে যাওয়া সিনেমা হলগুলো কি খুলবে? এমন নানা প্রশ্ন নাগরিকদের। প্রশ্নগুলোর পরিপ্রেক্ষিতে নানা প্রতিশ্রুতি দিলেন খুলনা ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের মেয়র পদপ্রার্থীরা। কেউ বললেন, সিটির উন্নয়নে রীতিমতো ‘মাস্টারপ্ল্যান’ করে ফেলেছেন তিনি। কেউ জানালেন, নির্বাচিত হলে তিনি নগরীর বর্জ্য থেকে সম্পদ বানাবেন।
দুই সপ্তাহ পর গাজীপুর ও খুলনা সিটি করপোরেশনের নির্বাচন। তার আগে এই দুই নগরীর সম্ভাব্য মেয়ররা হয়েছিলেন ‘জনতার মুখোমুখি’। আজ সোমবার দুই নগরে দুই সংগঠন এর আয়োজন করে।
গাজীপুরে এর আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আর খুলনার আয়োজক সংগঠন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি।
আজ গাজীপুরের অনুষ্ঠানে সব মেয়র পদপ্রার্থীই স্বীকার করেন, নগরের প্রধান সমস্যা যানজট ও জলাবদ্ধতা। আর নির্বাচিত হলে এই দুই সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন সবাই।
গাজীপুর সিটি করপোরেশনের সাত মেয়র পদপ্রার্থীকে জনতার মুখোমুখি করে সুজন। শহরের একটি কমিউনিটি সেন্টারে ওই আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সুজনের গাজীপুর মহানগর কমিটির সভাপতি মো. মনিরুল ইসলাম। সভাটি সঞ্চালনা করেন সুজনের কেন্দ্রীয় সম্পাদক মো. বদিউল আলম ও সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দীলিপ কুমার সরকার। এখানে স্বাগত বক্তব্য দেন সুজনের জেলা সম্পাদক ও সাংবাদিক রুহুল আমিন সজীব।
অনুষ্ঠানে লটারির মাধ্যমে প্রার্থীদের বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়। এ ছাড়া উন্মুক্তভাবে নাগরিকদের নানা প্রশ্ন করার সুযোগ দেওয়া হয়।
অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম বলেন, ‘গাজীপুর সিটিকে আধুনিকভাবে গড়ে তুলতে একটি মাস্টারপ্ল্যান তৈরি করেছি। আমি গাজীপুর সিটিকে পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে চাই। কেন্দ্রীয় ও স্থানীয় সরকারের মধ্যে দূরত্ব কমিয়ে রাস্তা, ড্রেনেজ ব্যবস্থা উন্নত করে আধুনিক শহরে পরিণত করতে চাই। ৫টি অর্থনৈতিক জোন ও ৮টি শ্রমিক আবাসন গড়ে তুলব।’
বিএনপির প্রার্থী হাসান উদ্দিন সরকার বলেন, ‘গাজীপুর সিটির নাগরিকদের সমস্যা চিহ্নিত করে তাদের আশা-আকাঙ্ক্ষা পূরণের চেষ্টা করব এবং পরিকল্পিত নগরী গড়ে তুলব। বর্তমান মেয়রেরও কাজ করার ইচ্ছা ছিল, কিন্তু তাঁকে মিথ্যা মামলায় জড়িয়ে জেলহাজতে রাখার কারণে তিনি সেই প্রত্যাশা পূরণ করতে পারেননি।’
স্বতন্ত্র প্রার্থী ফরিদ আহমদ বলেন, তিনি নির্বাচিত হলে সিটির প্রতি ওয়ার্ডে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন, প্রতি ওয়ার্ডে স্বাস্থ্যকেন্দ্র ও অ্যাম্বুলেন্স সার্ভিসের ব্যবস্থা করা হবে। তিনি সাংবাদিকদের জন্য একটি ডিজিটাল প্রেস ইনস্টিটিউট ভবনও করে দেওয়ার প্রতিশ্রুতি দেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. নাসির উদ্দিন বলেন, ‘সিটির জন্য যা বাজেট হবে তার শতভাগই সিটির উন্নয়নকাজে ব্যয় হবে। কোনো দুর্নীতি হবে না। আমি নাগরিকের খাদেম হিসেবে কাজ করতে চাই। আমার দায়িত্বের প্রতি আন্তরিকতা নিয়ে কাজ করব।’
গাজীপুরকে আধুনিক ও পরিবেশবান্ধব তিলোত্তমা নগরী করে গড়ার প্রতিশ্রুতি দেন বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের প্রার্থী মো. জালাল উদ্দিন। তিনি নগরে শিশুপার্ক ও প্রবীণ নিবাস স্থাপনের প্রতিশ্রুতি দেন।
গাজীপুর সিটিতে বর্জ্য শোধনাগার স্থাপন করে বর্জ্যকে সম্পদে রূপান্তরিত করতে চান বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী কাজী মো. রুহুল আমীন। তিনি মানুষে-মানুষে বৈষম্য দূর করতে চান।
দায়িত্ব পেলে তা আমানত বলে মনে করে নাগরিকদের জন্য কাজ করার প্রতিশ্রুতি দেন ইসলামী ঐক্যজোটের প্রার্থী ফজলুর রহমান।
অনুষ্ঠানের শেষ পর্বে প্রার্থীদের সঙ্গে নাগরিকদের উন্মুক্ত প্রশ্ন ও উত্তরের আয়োজন করে সুজন।

খুলনার মেয়রদের নানা প্রতিশ্রুতি: খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে ‘আগামীর খুলনা-নগরবাসীর প্রত্যাশা’ শীর্ষক মেয়র পদপ্রার্থীদের নিয়ে জনগণের মুখোমুখি অনুষ্ঠান হয়। মেয়র পদের পাঁচ প্রার্থী অংশ নিলেও অনুষ্ঠানে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু হাজির হননি।
অনুষ্ঠানে অংশ নেওয়া অন্যান্য মেয়র পদপ্রার্থীরা হলেন আওয়ামী লীগের তালুকদার আব্দুল খালেক, জাতীয় পার্টির এস এম শফিকুর রহমান, কমিউনিস্ট পার্টির মিজানুর রহমান বাবু ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মোজাম্মেল হক। বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ মোশাররফ হোসেন এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহাসচিব শেখ আশরাফ উজ জামান।
অনুষ্ঠানে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির পক্ষ থেকে খুলনা সিটি করপোরেশনের উন্নয়নে মেয়র পদপ্রার্থীদের কাছে ২১ দফা দাবি উত্থাপন করা হয়। ওই দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো, খুলনা শহরের জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, অবৈধ খাল ও স্থাপনা দখলমুক্ত করা, হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি না করে করপোরেশনের আয়ের খাত বৃদ্ধি ও নতুন নতুন স্থাপনাকে ট্যাক্সের আওতায় নিয়ে আসা, ভৈরব ও রূপসা নদীর উভয় তীর ঘেঁষে শহর রক্ষা বাঁধসহ রিভারভিউ ও পার্ক নির্মাণ, খুলনা-যশোর সড়ক চার লেনে উন্নীত করা, মশক নিধন ব্যবস্থা উন্নতকরণ ও অভিযান নিয়মিত পরিচালনা করা, সিটি করপোরেশনের নিজস্ব অর্থায়ন ও তত্ত্বাবধানে মেডিকেল কলেজ স্থাপন, প্রাইভেট বিশ্ববিদ্যালয় স্থাপন ও ব্লাড ব্যাংক স্থাপন করা, করপোরেশনের আওতায় সব ওয়ার্ডে খেলাধুলার মাঠ ও শিশুদের পার্ক স্থাপন করা।
অনুষ্ঠানের প্রথম পর্বে লটারির মাধ্যমে সব মেয়র পদপ্রার্থী সাত মিনিট করে বক্তব্য দেওয়ার সুযোগ পান। এ সময় প্রার্থীরা নগরের জলাবদ্ধতা নিরসন, মাদক, সন্ত্রাস ও যানজটমুক্ত খুলনা উপহার দেওয়ার অঙ্গীকার করেন। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে কাজ করাসহ পরাজিত হলেও গণমানুষের রায় মেনে নির্বাচিত মেয়রকে সার্বিক সহযোগিতা করে খুলনার উন্নয়নে সহযোগিতা করার আশ্বাস দেন তাঁরা।
যে কারণে আসেননি মঞ্জু: অনুষ্ঠানে না আসার কারণ জানতে খুলনায় বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুকে ফোন করে তা বন্ধ পাওয়া যায়। পরে তাঁর নির্বাচনী প্রচারণা বিভাগের মিডিয়া উপকমিটির সদস্যসচিব এহতেশামুল হক অভিযোগ করেন, আজকের অনুষ্ঠানের আয়োজক সংগঠনের সভাপতি গতকালই তাঁর ফেসবুক পেজে আওয়ামী লীগের মেয়র প্রার্থীকে নির্বাচিত করার জন্য পোস্ট দিয়েছেন। এ অনুষ্ঠানে গেলে নিরপেক্ষভাবে কথা বলা যাবে না বলেই বিএনপির প্রার্থী যাননি।
জানতে চাইলে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ মোশাররফ হোসেন বলেন, তালুকদার আব্দুল খালেকের পক্ষে দেওয়া একটি পোস্টে তিনি শুধু লাইক দিয়েছিলেন। এর বেশি কিছু নয়।