গাজীপুর নিয়ে উত্তাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেকোনো মূল্যে ২৭ ডিসেম্বর গাজীপুরে জনসভা করবে বলে জানিয়েছে বিএনপি। আর বিএনপির পূর্বঘোষিত এ জনসভা প্রতিহত করার সিদ্ধান্তে অনড় রয়েছে ছাত্রলীগও। গতকাল বৃহস্পতিবার সেখানে লাঠিমিছিল করেছে ছাত্রলীগ-যুবলীগ। এ নিয়ে যুবলীগ, ছাত্রলীগ ও বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। 
বিএনপির উচ্চপর্যায়ের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, ওই দিন সকালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গুলশানের বাসা থেকে গাজীপুরে জনসভার উদ্দেশে রওনা হবেন। তাঁর সঙ্গে কেন্দ্রীয় নেতারাসহ ঢাকা মহানগর বিএনপির কয়েক হাজার নেতা-কর্মীও সঙ্গী হবেন। যেখানে বাধা আসবে, সেখানেই সমাবেশ করবেন তিনি। এ জন্য যাত্রাপথের এলাকার দলীয় নেতা-কর্মীদের সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
বিএনপির নীতি-নির্ধারণী পর্যায়ের একজন নেতা বলেন, জনসভা করতে না দিলে ৫ জানুয়ারির আগেই এক দফা হরতাল আহ্বান করা হতে পারে।
গতকাল সকাল থেকেই বিএনপির পূর্বঘোষিত জনসভাস্থল ভাওয়াল বদরে আলম কলেজ মাঠ ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক পুলিশ অবস্থান নেয়। সেখানে সকাল থেকে কয়েক দফায় যুবলীগ, ছাত্রলীগ লাঠিমিছিল বের করে। এর মধ্যে দুপুরে চান্দনা-চৌরাস্তা এলাকা থেকে একটি লাঠিমিছিল নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও বদরে আলম সরকারি কলেজের সামনে সমাবেশ করে। এতে বক্তব্য দেন যুবলীগের কেন্দ্রীয় সদস্য মো. হীরা সরকার, ভাওয়াল কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক মো. ইদ্রিস আলী প্রমুখ।
এরপর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা সেখানে মিছিল করতে গেলে পুলিশ ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এ ছাড়া বিশৃঙ্খলার অভিযোগে জয়দেবপুর থানার পুলিশ বুধবার বিএনপি ও এর অঙ্গসংগঠনের চারজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে।
এদিকে গতকাল বিকেলে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মান্নানসহ কয়েকজন নেতা গাজীপুর জেলা প্রশাসকের সঙ্গে দেখা করেন। পরে এম এ মান্নান সাংবাদিকদের বলেন, ‘প্রায় ১৫ দিন আগে আমরা সমাবেশের অনুমতি নিয়েছি। এখন আমরা পূর্বঘোষিত সমাবেশ করতে চাই। সমাবেশ যাতে শান্তিপূর্ণভাবে করতে পারি, সে জন্য আমরা জেলা প্রশাসকের সহায়তা চেয়েছি।’ তিনি অভিযোগ করেন, ছাত্রলীগ দুই দিন ধরে ভাওয়াল কলেজ মাঠে অস্ত্রের মহড়া দিচ্ছে। সেখানে বিএনপির জনসভা মঞ্চ তৈরির মালামাল ঢুকতে দেওয়া হচ্ছে না।
এ সময় জেলা বিএনপির সভাপতি এ কে এম ফজলুল হক বলেন, যত বাধাই আসুক ২৭ ডিসেম্বর জনসভা হবেই। তিনি অভিযোগ করেন, নেতা-কর্মীর মধ্যে ভীতি ছড়ানোর জন্যে গত তিন দিনে পুলিশ বিএনপির ১৫ জন নেতা-কর্মীকে আটক করেছে। কয়েকজনকে পুরোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে গাজীপুরের জেলা প্রশাসক নূরুল ইসলাম প্রথম আলোকে বলেন, বিএনপি ও ছাত্রলীগ একই স্থানে সমাবেশ করার অনুমতি চেয়েছে। এ ব্যাপারে পুলিশকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তিনি বলেন, ‘এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কাউকে অনুমতি দেওয়া হয়নি। আমরা একই স্থানে দুই দলকে অনুমতি দিয়ে যুদ্ধক্ষেত্র তৈরির পক্ষে নই। পরিস্থিতি নিয়ন্ত্রণ না হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
ঢাকায় ছাত্রলীগের সংবাদ সম্মেলন: গতকাল ঢাকায় সংবাদ সম্মেলন করে ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান বলেছেন, গাজীপুরে ২৭ ডিসেম্বর সমাবেশকে ঘিরে সংঘর্ষ ও সহিংসতা হলে তার দায় বিএনপিকেই নিতে হবে। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়।
বদিউজ্জামান বলেন, ‘জাতির পিতাকে অবমাননা ও কটাক্ষের প্রতিবাদে ২৭ ডিসেম্বর গাজীপুর কলেজ মাঠে ছাত্রলীগের সমাবেশ হবে। আমাদের সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।’
এর আগে বঙ্গবন্ধু সম্পর্কে তারেক রহমানের কটূক্তির প্রতিবাদে গাজীপুরে বিএনপির জনসভা প্রতিহত করার ঘোষণা দেয় স্থানীয় ছাত্রলীগ। তারা তখন বলেছিল, তারেক রহমান ক্ষমা না চাইলে বিএনপিকে জনসভা করতে দেওয়া হবে না, সেখানে ছাত্রলীগ পাল্টা সমাবেশ করবে।
তারেক রহমান ক্ষমা না চাইলে বিএনপির পরবর্তী কর্মসূচিগুলোও প্রতিহত করা হবে কি না, এ প্রশ্নের জবাবে ছাত্রলীগের সভাপতি বলেন, ‘বঙ্গবন্ধুকে নিয়ে তারেক রহমানের কটূক্তির বিপক্ষে সমাবেশ করাটাই হচ্ছে আমাদের প্রতিবাদ। তাঁকে অবশ্যই জাতির কাছে ক্ষমা চাইতে হবে। এখন আমাদের দুই ধরনের লড়াই চলছে। একটি হচ্ছে আইনি লড়াই। আরেকটি হচ্ছে রাজপথের সংগ্রাম। এই ধরনের কর্মসূচি নিয়ে আমরা মাঠে থাকব।’
এ সংবাদ সম্মেলনে ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম জানান, ‘নেড়ি কুত্তার মতো পিটামু বিএনপির বড় নেতাদের’—নিজের ফেসবুকে দেওয়া এ মন্তব্যে তিনি এখনো অটল আছেন। তিনি বলেন, যাঁরা বঙ্গবন্ধুকে সম্মান করতে জানেন না, তাঁদেরও সম্মান পাওয়ার কোনো অধিকার নেই।