গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতিকে অব্যাহতি
গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা এরশাদকে ওই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার রাতে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা এরশাদের আবেদনের পরিপ্রেক্ষিতে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী সংসদ এ সিদ্ধান্ত নেয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। মহানগর ছাত্রলীগের সহসভাপতি ইকবাল হোসেনকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ব্যাপারে মাসুদ রানা এরশাদ প্রথম আলোকে জানান, তিনি নিজে সভাপতি পদ থেকে অব্যাহতি চেয়েছেন। তিনি বলেন, ‘গাজীপুর মহানগরে ছাত্রলীগের কিছু নেতা-কর্মী বিভিন্ন সময় বিতর্কিত কর্মকাণ্ড করে। আর সভাপতি হিসেবে সে সব কর্মকাণ্ডের দায়দায়িত্ব আমাকেই নিতে হয়। তাই স্বেচ্ছায় এ পদ থেকে আমাকে অব্যাহতি দেওয়ার জন্য কেন্দ্রীয় নির্বাহী সংসদের কাছে আবেদন করেছি।’