গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতিকে অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা এরশাদকে সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মাসুদ রানা এরশাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সেই সঙ্গে মহানগর ছাত্রলীগের সহসভাপতি ইকবাল হোসেনকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে।
মাসুদ রানা এরশাদ গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, ‘আমি নিজে সভাপতি পদ থেকে অব্যাহতি চেয়েছি। গাজীপুর মহানগর ছাত্রলীগের কিছু নেতা-কর্মী বিভিন্ন সময় বিতর্কিত কর্মকাণ্ড করে। সভাপতি হিসেবে সেসব কর্মকাণ্ডের দায়-দায়িত্ব আমাকেই নিতে হয়।’
মাসুদ রানা এরশাদ আরও বলেন, ‘এসব কারণে স্বেচ্ছায় এ পদ থেকে আমাকে অব্যাহতি দেওয়ার জন্য কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের কাছে আবেদন করেছি।’