গাজীপুরে শান্তিপূর্ণ হরতাল, মান্নান-মিলনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে বিচ্ছিন্ন দু-একটি ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল। ১৪৪ ধারা জারি করে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠে বিএনপিকে জনসভা করতে না দেওয়ায় এ হরতালের ডাক দেওয়া হয়। তবে আজ সন্ধ্যা ছয়টার দিকে গাজীপুরে ১৪৪ ধারা প্রত্যাহার করে জেলা প্রশাসন।

গাজীপুর মহানগরে বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ, ছাত্রলীগের কর্মীরা মিছিল করলেও হরতালের সমর্থনে বিএনপির নেতা–কর্মীদের মাঠে পাওয়া যায়নি। পুলিশের দাবি, হরতালের বিএনপির ছয় নেতা–কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ভাঙচুরের ঘটনায় জেলার জয়দেবপুর থানায় স্থানীয় সাংবাদিক ফরিদ আহমেদ বাদী হয়ে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এম এ মান্নান, জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলনসহ অজ্ঞাত ৩০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
আজ শনিবার সকালে গাজীপুর শহরের ওপর দিয়ে ময়মনসিংহ, শেরপুর, টাঙ্গাইলসহ উত্তরবঙ্গগামী কোনো যানবাহন চলাচল করেনি। তবে লোকাল কয়েকটি বাস ও লেগুনা চলাচল করতে দেখা গেছে। দুপুরের পরপরই যান চলাচল বেড়ে যায়। সন্ধ্যার পর তা স্বাভাবিক হয়ে যায়। এ ছাড়া সকালে শহরের বিপণিবিতানগুলোও খুলতে দেরি হয়।

সরব উপস্থিতি আ.লীগের
গাজীপুরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ১৪৪ ধারা জারি থাকলেও গাজীপুর মহানগরে মিছিল ও জমায়েত করেছেন জেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা–কর্মীরা। কোথাও কোথাও মোটরসাইকেলে করে মহড়াও দিয়েছেন তাঁরা।
বেলা ১১টায় গাজীপুরের চান্দনা চৌরাস্তা মোড়ে গিয়ে দেখা যায়, সেখানে গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমত উল্লা খান, জেলা ছাত্রলীগের আহ্বায়ক দেলোয়ার হোসেন, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলামসহ বিপুলসংখ্যক আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মী উপস্থিত। ১৪৪ ধারা জারি থাকলেও শহরের বিভিন্ন এলাকা থেকে দলটির মিছিল এসে সেখানে জড়ো হয়। পুলিশ তাঁদের কাউকেই বাধা দেয়নি। গাজীপুর জেলার বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে পুরো গাজীপুর দখল করে রাখে ছাত্রলীগ। তারা দাপিয়ে বেড়ায় পুরো গাজীপুর শহর।
জানতে চাইলে গাজীপুর মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম জানান, পুরো শহরে তাঁদের নিয়ন্ত্রণ ছিল। শহরের বিভিন্ন পয়েন্টে শান্তিপূর্ণভাবে তাঁরা অবস্থান নেন। প্রশাসনের অনুমতি নিয়েই তাঁরা মিছিল করেছেন।
গাজীপুর জেলা পুলিশ সুপার হারুন অর রশিদ ওই এলাকায় আসেন সকাল সাড়ে ১০টার দিকে। তিনি সাংবাদিকদের বলেন, ১৪৪ ধারা জারি হওয়ায় দুটি রাজনৈতিক দলই শান্তিশৃঙ্খলা বজায় রেখেছে। কেউ কোনো অপ্রীতিকর ঘটনা ঘটায়নি।
তবে জেলার শ্রীপুর উপজেলার মাওনা এলাকায় ও ঢাকা-ময়মনসিংহ রোডের বড়বাড়ি এলাকায় একটি সাংবাদিক লেখা ব্যক্তিগত গাড়ি, তিনটি বাস ও কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করে হরতালের সমর্থকেরা। এ ছাড়া ভোরে বড়বাড়ি এলাকায় পুলিশের একটি ভ্যান ভাঙচুর করে পিকেটাররা।
গতকাল শুক্রবার রাতে কালিয়াকৈর থানা এলাকা থেকে ছয়জনকে আটক করে পুলিশ। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেন।
শুক্রবার রাতে টঙ্গী থানা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়। আগুনে কয়েকটি প্লাস্টিকের চেয়ারসহ কিছু আসবাব পুড়ে গেছে। টঙ্গী থানা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম দাবি করেন, আওয়ামী লীগ জনগণকে ভয় পায় বলেই রাতের অন্ধকারে ওই কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে।
হরতালে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গাজীপুর শহরে বিপুলসংখ্যক র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ মোতায়েন করা হয়। শহরে জলকামান, রায়ট কার নিয়ে মহড়া দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আর সকাল থেকেই পুলিশ ঘিরে রাখে ভাওয়াল বদরে আলম কলেজ মাঠ। সেখানে দায়িত্বরত পুলিশ পরিদর্শক জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘প্রশাসন না বলা পর্যন্ত আমরা এখানে থাকব। দু-প‌ক্ষের কেউ এখানে আসেনি, কাউকে আসতেও দেওয়া হবে না।’

মাঠে ছিল না বিএনপি
আজ সকালে ভোগড়া বাইপাস, কালিগঞ্জ, শ্রীপুর, টঙ্গী, বড়বাড়ি এলাকা ও কালিয়াকৈর পৌরসভার বাস স্ট্যান্ডে মিছিল বের করে বিএনপি। তবে পুলিশের ধাওয়ায় তারা মাঠে দাঁড়াতেই পারেনি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাদের কাউকেই মাঠে পাওয়া যায়নি। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মেয়র আবদুল মান্নান, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর জেলা সভাপতি ফজলুল হক, বিএনপি দলীয় সাবেক সাংসদ হাসান উদ্দিন সরকারসহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
জানতে চাইলে গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইয়েদুল আলম প্রথম আলোকে বলেন, ‘কয়েক দিন ধরে ছাত্রলীগ নয় প্রশাসন গাজীপুরে ত্রাসের সৃষ্টি করেছে। প্রতি নেতার বাড়িতে দফায় তল্লাশি চালিয়ে ভীতিকর পরিস্থিতি তৈরি করা হয়। তবে আমার ফোন খোলা ছিল, অন্য কারোরটার কথা বলতে পারব না।’ তাঁর দাবি, হরতালে তাদের ১৪ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
গাজীপুর মহানগরের বাসিন্দা অবসারপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আকবর আলী মনে করেন, ‘পত্র-পত্রিকায় বিএনপি নেতারা যেভাবে হুংকার দিয়েছিলেন তাঁরা গাজীপুরে আসবেনই, জনসভা করবেনই। আজ যেহেতু আসতে পারেননি, তাতে মনে হয়েছে তাঁরা হেরে গেছেন। খেলায় পরাজিত হয়েছেন।’ তবে প্রশাসনের ১৪৪ ধারা জারি গণতন্ত্রের জন্য ভালো নয় বলে মনে করেন অবসরপ্রাপ্ত এই সরকারি কর্মকর্তা।