গাজীপুর সিটি নির্বাচন করেছে পুলিশ: খসরু

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্টেট ধ্বংস হয়ে গেছে। এখন সরকার চতুর্থ স্টেট গণমাধ্যমকে ধ্বংস করতে চায়।
ঢাকার জাতীয় প্রেসক্লাবে আজ বৃহস্পতিবার দুপুরে ‘খুলনা ও গাজীপুরের নির্বাচনী প্রহসন: বিপর্যস্ত ভোটের অধিকার’ শীর্ষক আলোচনা সভায় আমীর খসরু মাহমুদ চৌধুরী এ মন্তব্য করেন। ‘নাগরিক অধিকার আন্দোলন ফোরাম’ নামের একটি সংগঠন আলোচনা সভার আয়োজন করে।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ভোট ডাকাতি করতে গিয়ে সরকার গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে গণমাধ্যমকেও বাধা দিয়েছে। সিটি করপোরেশন নির্বাচন নিয়ে তিনি অভিযোগ করেন, গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচন আওয়ামী লীগ করেনি। এসব নির্বাচন পুলিশ ও ডিবি (পুলিশের গোয়েন্দা সংস্থা) করেছে। পুলিশের সহযোগী ছিল নির্বাচন কমিশন।
সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, গাজীপুর আওয়ামী লীগের নেতা-কর্মীদের এখন নির্বাচন করতে হয় না। তাদের কাজ ডিবি পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর একটি অংশ করে দেয়। এখন আওয়ামী লীগকে নিজেদের নির্বাচন করতে হয় না।
নেতা-কর্মীদের উদ্দেশে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, এটি জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার প্রক্রিয়া। এ প্রক্রিয়ার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। জনগণকে একতাবদ্ধভাবে কাজ করতে হবে। নয়তো এভাবে চললে চিরতরে মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হবে। দেশ শাসিত হবে অবৈধ সরকার দিয়ে এবং অবৈধ স্থানীয় প্রতিনিধিদের নেতৃত্বে। আইনের শাসন ফিরে পেতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বিএনপি এ ক্ষেত্রে সহযোগিতা করবে। তিনি আরও বলেন, আন্দোলনের মাধ্যমে গণতন্ত্রের ‘মা’ খালেদা জিয়াকে জেল থেকে বের করে আনা এবং দেশে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা—এই দুটি শপথ সামনে নিয়ে এগোতে হবে।
আয়োজক সংগঠনের উপদেষ্টা মো. মোশাররফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান আহমদ আযম খান, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, বাগেরহাট জেলা বিএনপির উপদেষ্টা কাজী মনিরুজ্জামান প্রমুখ বক্তব্য দেন।