গাজীপুর সিটি নির্বাচন সরকার ও নির্বাচন কমিশনের জন্য অ্যাসিড টেস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মওদুদ আহমদ। প্রথম আলো ফাইল ছবি
মওদুদ আহমদ। প্রথম আলো ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির অসম্ভব জনসমর্থন রয়েছে। এই নির্বাচন হলো সরকার ও নির্বাচন কমিশনের জন্য অ্যাসিড টেস্ট। যদি খুলনা স্টাইলে নির্বাচন করা হয়, তার পরিণতি ভয়ংকর হবে।

ঢাকার জাতীয় প্রেসক্লাবে আজ শনিবার দুপুরে এক অনুষ্ঠানে মওদুদ আহমদ এ মন্তব্য করেন। ‘বাংলাদেশ ইয়ুথ ফোরাম’ নামের একটি সংগঠন অনুষ্ঠানের আয়োজন করে।

মওদুদ আহমদ বলেন, গাজীপুর নির্বাচনের পর বিএনপি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে যে বাকি তিনটি সিটি নির্বাচনে অংশ নেবে কি না। কারণ সময় এসেছে প্রতিরোধের। জাতীয় নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকি। তিনি বলেন, হেরে যাওয়ার ভয়ে আওয়ামী লীগ আগামী জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র করতে পারে। আওয়ামী লীগ ক্ষমতা হারাতে চাইবে না। কারণ তারা যে অন্যায় করেছে, সবকিছু ধরা পড়ে যাবে। সে ভয়ে তারা নির্বাচন বানচাল করতে পারে। তাই সতর্ক দৃষ্টি রাখতে হবে।

সাবেক মন্ত্রী মওদুদ আহমদ বলেন, আওয়ামী লীগ সম্পূর্ণ মিথ্যার ওপর টিকে আছে। এই দলই স্বাধীনতার পর একটি সুন্দর সংবিধান দিয়েছিল। আবার সেই দলই দুই বছর পর বাকশালি শাসন চালু করে। সেদিন থেকেই দেশে রাজনৈতিক ও গণতন্ত্রের দুর্যোগ শুরু হয়। এই দলের কোনো নেতা স্বীকার করেন না যে তাঁরা ১৯৭৫ সালে একদলীয় শাসন চালু করেছিলেন। তিনি আরও বলেন, আওয়ামী লীগ কখনো নিজেদের ভুল স্বীকারও করে না। আজ আবারও ১০ বছর ধরে একদলীয় শাসন চালিয়ে যাচ্ছে। এই দেশে কখন গণতন্ত্র চালু হবে মানুষ জানে না। আওয়ামী লীগ কোন মুখে বলে যে আজ গণতন্ত্র সুরক্ষিত? অথচ তারা জোর করে ক্ষমতা দখলে রাখায় দেশে গণতন্ত্র ভূলুণ্ঠিত।

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে মওদুদ আহমদ বলেন, এখন প্রতিরোধ গড়ে তোলার সময় এসেছে। অন্যায়, অবিচার, জুলুম-নির্যাতনের প্রতিরোধের সময় এসেছে। বিএনপি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করতে চায়। সে জন্য এই আন্দোলন। কোনো বিশেষ দলকে ক্ষমতায় নিয়ে যেতে এই আন্দোলন নয়। খালেদা জিয়া অবশ্যই মুক্তি পাবেন। তাঁকে নিয়েই বিএনপি নির্বাচন করবে। নিরপেক্ষ সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে। তার জন্য ঐক্য গড়ে তুলতে হবে।

আয়োজক সংগঠনের উপদেষ্টা মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির সহপ্রচার সম্পাদক শামিমুর রহমান, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মাদ রহমাতুল্লাহ প্রমুখ।