গাজীপুরে খালেদার জনসভাস্থলে পাল্টা কর্মসূচি ছাত্রলীগের
গাজীপুরে ২৭ ডিসেম্বর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জনসভাস্থলে পাল্টা বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রলীগ। গতকাল রোববার এ কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি।
গাজীপুর প্রেসক্লাবে দুপুরে এক সংবাদ সম্মেলনে পাল্টা এই কর্মসূচি ঘোষণা করেন জেলা ছাত্রলীগের আহ্বায়ক দেলোয়ার হোসেন ও মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, বঙ্গবন্ধুকে নিয়ে সম্প্রতি তারেক জিয়া যে কটূক্তি করেছেন, সে জন্য ২৭ ডিসেম্বরের মধ্যে তাঁকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। অন্যথায় দল থেকে বহিষ্কার করতে হবে তাঁকে। এটা না করলে গাজীপুরে খালেদা জিয়ার জনসভা প্রতিহত করা হবে। গাজীপুরে যেখানেই খালেদা জিয়ার সভা হবে, সেখানেই ছাত্রলীগ বিক্ষোভ সমাবেশ করবে। তারেকের বিরুদ্ধে মামলা করারও ঘোষণা দেওয়া হয় সংবাদ সম্মেলন থেকে।
২৭ ডিসেম্বর ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠে ২০-দলীয় জোটের জনসভা ডাকা হয়েছে।