গাজীপুরে খালেদার সমাবেশস্থলে ছাত্রলীগের পাল্টা সমাবেশ
গাজীপুরে ২৭ ডিসেম্বর খালেদা জিয়ার জনসভাস্থলে পাল্টা বিক্ষোভ সমাবেশ কর্মসূচির ঘোষণা দিয়েছে ছাত্রলীগ। আজ রোববার দুপুরে গাজীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে গাজীপুর জেলা ও মহানগর ছাত্রলীগ যৌথভাবে ওই কর্মসূচির ঘোষণা দিয়েছে।
ওই দিন গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠে ২০-দলীয় জোটের জনসভার নির্ধারিত তারিখ রয়েছে। এতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়া কথা।
আজকের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা ছাত্রলীগের আহ্বায়ক দেলোয়ার হোসেন। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে সম্প্রতি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান কটূক্তি করেন। এ কটূক্তির জন্য ২৭ ডিসেম্বরের মধ্যে তারেক রহমানকে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, বক্তব্য প্রত্যাহার কিংবা তাঁকে দল থেকে বহিষ্কার করতে হবে। না করলে ওই দিন গাজীপুরে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠে বিএনপি আহূত জনসভা প্রতিহত করা হবে। গাজীপুরে যেখানেই খালেদা জিয়ার সভা হবে, সেখানেই ছাত্রলীগ বিক্ষোভ সমাবেশ করবে।
ছাত্রলীগের এই নেতা আরও বলেন, ২৭ ডিসেম্বরের আগের দিন পর্যন্ত প্রতিদিন বিকেলে জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিল করা হবে। এ ছাড়া তারেক রহমানের বিরুদ্ধে মামলা করা হবে।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও সমাবেশ আয়োজক কমিটির সদস্য মজিবুর রহমান জানান, ‘জনসভা করা আমাদের একটি রাজনৈতিক অধিকার। যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়েই ওই সভার আয়োজন করা হয়েছে। ছাত্রলীগ একই দিনে একই স্থানে যদি সমাবেশ ঘোষণা দিয়ে থাকে তা হলে আমরা ধরে নেব বিএনপির জনস্রোতকে সরকার ভয় পেয়ে ছাত্রলীগকে দিয়ে কর্মসূচি ঘোষণা করিয়েছে। এ ধরনের ষড়যন্ত্র হলে গাজীপুরবাসী তা প্রতিরোধ করবে।’
গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশিদ বলেন, ‘বিএনপি ২৭ ডিসেম্বর শোডাউন করবে। অন্যদিকে ছাত্রলীগও একই দিন শোডাউন করার ঘোষণা দিয়েছে। আমরা চাচ্ছি না আইনশৃঙ্খলার অবনতি হোক, মানুষের জানমালের ক্ষতি হোক। আমরা যদি দেখি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে, তা হলে আমরা যথাযথ আইনি ব্যবস্থা নেব ’