গাজীপুরে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ১০ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ৪৫ জন। দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল রোববার শহরে বিক্ষোভ-সমাবেশ আয়োজন করেন নেতা-কর্মীরা। সমাবেশ শেষে মিছিলে পুলিশ বাধা দিলে এই সংঘর্ষ ঘটে। পরে চারজনকে আটক করে পুলিশ।
‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে গত শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চেয়েছিল বিএনপি। সরকার তাতে অনুমতি না দেওয়ার প্রতিবাদে গতকাল সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করে বিএনপি।
নিজস্ব প্রতিবেদক জানান, সন্ধ্যায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেন, তেজগাঁও, ভাটারা, মিরপুর, শাহ আলী, দারুস সালাম, ভাষানটেক, মুগদা, ডেমরা, যাত্রাবাড়ীসহ বিভিন্ন থানায় বিক্ষোভ মিছিল থেকে ২০ জনের বেশি নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। এ ছাড়া বিভিন্ন জায়গায় পুলিশ কর্মসূচিতে বাধা দিয়েছে। তিনি এসব ঘটনার নিন্দা এবং নেতা-কর্মীদের মুক্তি দাবি করেন।
রিজভী অভিযোগ করেন, সভা-সমাবেশ ও মিছিল করতে না দেওয়া ক্ষমতাসীনদের বিরোধী দলের প্রতি হিংস্রতা ও বিকৃত রুচির বহিঃপ্রকাশ।
রিজভী বলেন, পুলিশ এতটাই বেপরোয়া ও মাত্রার বাইরে চলে গেছে যে তারা এখন নির্দ্বিধায় এখতিয়ারবহির্ভূত কথা বলছে ও কাজ করছে। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমানের বক্তব্যের জবাবে দেওয়া পুলিশের বক্তব্যেরও সমালোচনা করেন রিজভী।
গাজীপুর: প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, গাজীপুর মহানগর বিএনপি কার্যালয়ের সামনে বেলা ১১টার দিকে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এম এ মান্নান, জেলা বিএনপির সহসভাপতি আহাম্মদ আলী রুশদি, জেলা শ্রমিক দলের সভাপতি সালাউদ্দিন সরকারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা যোগ দেন।
সমাবেশ শেষে দুপুর সোয়া ১২টার দিকে মেয়রের নেতৃত্বে মিছিল বের করে রাজবাড়ী রোডে সমবেত হন নেতা-কর্মীরা। পুলিশ বাধা দিলে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পুলিশ লাঠিপেটা শুরু করলে তঁারা পাল্টা ইটপাটকেল ছুড়তে থাকেন। পরে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে।
দুই পক্ষের মধ্যে প্রায় আধা ঘণ্টা ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ চলে। এ সময় শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। পথচারীরা দিগ্বিদিক ছোটাছুটি করে নিরাপদ আশ্রয়ে চলে যায়। সংঘর্ষকালে নেতা-কর্মী ও পুলিশসহ আহত হন কমপক্ষে ৪৫ জন। এঁদের মধ্যে গুলিবিদ্ধ হন ১০ জন। আহত ব্যক্তিদের গাজীপুর সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসাসেবা দেওয়া হয়।
গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন গাজীপুর সিটি করপোরেশনের কাউন্সিলর বিএনপির কর্মী শিরিন চাকলাদার, যুবদলের কর্মী ইউনুছ আলী, জাহাঙ্গীর আলম ও রাশেদা আক্তার এবং পথচারী ও স্কুলছাত্র মেরাজ হোসেন (১৪) ও স্থানীয় ব্যবসায়ী বিজয় চক্রবর্তী। তাঁদের গাজীপুর সদর হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। গুলিবিদ্ধ বাকি চারজন বিএনপি নেতা-কর্মীর নাম-পরিচয় জানা যায়নি।
জেলা বিএনপির সহসভাপতি আহাম্মদ আলী রুশদির দাবি, মিছিলের প্রস্তুতি নিলে পুলিশ বিনা উসকানিতে তাঁদের ওপর লাঠিপেটা করে ও গুলি ছোড়ে। লাঠির আঘাতে মেয়র এম এ মান্নান আহত হয়েছেন। এ ছাড়া আহত হন শতাধিক নেতা-কর্মী।
জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কাঁদানে গ্যাসের শেল ও ২০টি রাবার গুলি ছুড়তে হয়েছে। বিএনপি নেতা-কর্মীদের হামলায় ১৭ পুলিশ সদস্য আহত হন।
পুলিশ সুপার হারুন অর রশিদ বলেন, বিএনপির দুই গ্রুপের মধ্যে বিশৃঙ্খলা হবে, তাঁদের কাছে এমন খবর ছিল। এ খবরে ঘটনাস্থলে পুলিশ অবস্থান নিলে নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে তাঁদের ছাত্রভঙ্গ করে দেওয়া হয়।
চট্টগ্রাম: বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবন চত্বরে বিকেলে বিক্ষোভ-সমাবেশ করে জেলা বিএনপি। সমাবেশ চলাকালে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। তখন নেতারা তাঁদের নিবৃত্ত করেন।
বিক্ষোভ-সমাবেশে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার, নগর সহসভাপতি আবু সুফিয়ান, সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, সাবেক সাংসদ রোজী কবির, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবুর রহমান ও নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন প্রমুখ বক্তৃতা করেন।
{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন: নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ও গাজীপুর প্রতিনিধি}