গাজীপুরে যেকোনো মূল্যে সমাবেশ করবে ছাত্রলীগ
গাজীপুরে ২৭ ডিসেম্বর যেকোনো মূল্যে সমাবেশ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। সংগঠনটির সভাপতি এইচ এম বদিউজ্জামান বলেছেন, ছাত্রলীগ সব নিয়ম-কানুন মেনে গাজীপুরে সমাবেশের আবেদন করেছে। তাদেরকেই সেখানে সমাবেশ করার অনুমতি দেওয়া হবে বলে আশা করেন তিনি।
আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত এক মানববন্ধনে বদিউজ্জামান এসব কথা বলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ সম্পর্কে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে ওই মানববন্ধনের আয়োজন করা হয়। এ ছাড়া রাজধানীর অন্য শিক্ষাপ্রতিষ্ঠানসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধন করেছে ছাত্রলীগ।
বদিউজ্জামান বলেন, ‘গাজীপুরের মাটিকে বিএনপি বার বার কলঙ্কিত করেছে। শহীদ তাজউদ্দীনের পুণ্যভূমি এবং আহসানউল্লাহ মাস্টারের রক্তস্নাত গাজীপুর। এ পবিত্র মাটিকে কলঙ্কিত হতে দিতে পারি না।’ এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটাক্ষ করে অকথ্য ভাষায় বক্তব্য দেওয়ার জন্য তারেক রহমানকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানান তিনি।
মানববন্ধনে ছাত্রলীগের সহসভাপতি জয়দেব নন্দী, মোহাম্মদ হানিফ, যুগ্ম সম্পাদক শামসুল কবির, মোস্তাফিজুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি মেহেদী হাসান মোল্লা ও সাধারণ সম্পাদক ওমর শরীফ, ছাত্রলীগের দপ্তর সম্পাদক শেখ রাসেলসহ অন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
তারেক রহমানের বিচারের দাবিতে আজ রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কবি নজরুল কলেজ ও তিতুমীর কলেজে ছাত্রলীগ মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
গাজীপুরের বদরে আলম সরকারি কলেজ মাঠে ২০ দলের সমাবেশ হওয়ার কথা। সেখানে প্রধান অতিথি থাকবেন খালেদা জিয়া। তবে গতকাল রোববার গাজীপুর জেলা ও মহানগর ছাত্রলীগ একই স্থানে একই সময়ে পাল্টা সমাবেশের ঘোষণা দিয়েছে।