গান-কবিতায় ডাকসুর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) দাবিতে শিক্ষার্থীরা এবার গিটার হাতে নামলেন। গান-কবিতায় দাবি জানালেন ২৭ বছর ধরে অচল হয়ে থাকা ডাকসু সচলের। 

সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের স্মৃতি চিরন্তনে (উপাচার্যের বাসভবনের সামনে) ডাকসু নির্বাচনের দাবিতে গানের আয়োজন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সেখানেই টানা ১০ দিন ধরে অনশন করছেন বিশ্ববিদ্যালয়ের সান্ধ্য কোর্সের শিক্ষার্থী ওয়ালিদ আশরাফ।

বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা এই আয়োজনে গান পরিবেশন করেন। বিকেলে পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জামিউল আলমের পরিবেশনার মধ্য দিয়ে এই আয়োজনের শুরু। পরে একে একে মঞ্চে ওঠেন হিমাদ্রী বাপন, দ্রুত, পার্থ, ফরহাদ নাইয়া, মাহফুজসহ অন্তত ১০-১২ জন। তাঁদের কণ্ঠে ফুটে ওঠে ‘আজ আমার প্রশ্ন করার অধিকার নেই’, ‘চক্রব্যূহে আটকা জীবন’, ‘সবখানে গোঁজামিল, মানুষ তো গড়ে উঠেনি’র মতো প্রতিবাদী গান। বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তুহিন কান্তি দাস গেয়ে শোনান ‘এই ভরা বরষায়’ ও ‌‘একটি পাখির ছানা’। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গড়ে ওঠা ব্যান্ডদল কৃষ্ণপক্ষ পরিবেশন করে সন্দীপন মল্লিকের ‘সমাজ গেল, সমাজ গেল, তা নিয়ে ভাবছে কারা’ এবং ‘ওদেরকে ধরে নিয়ে আয়’। সমগীতের রেবেকা নীলা ও বিথী ঘোষ পরিবেশন করেন শিল্পী কফিল আহমেদের গান ‘গঙ্গাবুড়ি, গঙ্গাবুড়ি শোনো, এত সুন্দর নামটি তোমার কে দিয়েছে বলো’। গানের বিরতিতে চলে ছোট ছোট বক্তৃতা পর্ব।

অনশনকারী তরুণ ওয়ালিদ আশরাফ বলেন, ‘আমাদের এত দিন দাবিয়ে রাখা হয়েছে। এখন আমাদের একটি কাঠামোগত সমাধানের দিকে যেতে হবে। যার মধ্যে ডাকসু নির্বাচন সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা চাই দ্রুততম সময়ের মধ্যে ডাকসু নির্বাচন হোক।’

ভূতত্ত্ব বিভাগের শিক্ষার্থী সামিরা তাসনিম রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ‘কথা ছিল সুবিনয়’ কবিতাটি আবৃত্তি করেন। স্বরচিত কবিতা ‘ডাকসুর ইশতেহার’ পড়ে শোনান আবু তৈয়ব হাবিলদার।

‘সুবোধ পালাবে না’ শিরোনামে মূকাভিনয় পরিবেশন করেন মীর লোকমান। একক অভিনয়ে তিনি ফুটিয়ে তোলেন ডাকসুর দাবির যৌক্তিকতা।

আয়োজনস্থলে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরিন। শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক সামিনা লুৎফা বলেন, ‘এই দাবি অনশনকারী ওয়ালিদ আশরাফের একার হওয়ার কথা ছিল না, এই দাবি সবার। তবে ওয়ালিদকে সাধুবাদ জানাতে হয় এ কারণে, তিনি সেটাই করছেন, যেটা অন্য অনেকের করার কথা ছিল।’