গাড়িবহর নিয়ে এলাকায় এলেন আ.লীগের প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের চকরিয়া পৌরসভা নির্বাচনে আওয়াম​ী ল​ীগের মেয়র ​প্রার্থীর পক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা। ছবিটি গতকাল বিকেলে তোলা l প্রথম আলো
কক্সবাজারের চকরিয়া পৌরসভা নির্বাচনে আওয়াম​ী ল​ীগের মেয়র ​প্রার্থীর পক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা। ছবিটি গতকাল বিকেলে তোলা l প্রথম আলো

কক্সবাজারের চকরিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আলমগীর চৌধুরীর বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠেছে। দলীয় মনোনয়ন পাওয়ার পর গতকাল শুক্রবার বিকেলে ঢাকা থেকে তিনি চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ইনানী রিসোর্টে যান। এরপর মোটরসাইকেলের বহর নিয়ে নিজ গ্রাম পৌরসভার করাইয়াঘোনায় পৌঁছান।
প্রত্যক্ষদর্শীরা বলেন, ইনানী রিসোর্ট থেকে আলমগীর চৌধুরী খোলা জিপে ওঠেন। তাঁর জিপের সামনে ৪৫-৫০টি মোটরসাইকেল ছিল। এর বাইরে গাড়িবহরের মধ্যে আরও দুটি জিপ, ৭-৮টি পিকআপ, ৮-১০টি টেম্পো (চারপোকা), চারটি ট্রাক ও ৩টি মাইক্রোবাস ছিল। এসব গাড়িতে কয়েক শ নেতা-কর্মী ও সমর্থক ছিলেন।
গাড়িবহরে থাকা নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, করাইয়াঘোনা পৌঁছার পর জামে মসজিদ মাঠে এক সমাবেশে বক্তব্য দেন আলমগীর চৌধুরী। এ সময় আরও বক্তব্য দেন চকরিয়া কলেজের অধ্যক্ষ এ কে এম গিয়াস উদ্দিন, চকরিয়া পৌরসভার কাউন্সিলর ছৈয়দ আলম, কক্সবাজার জেলা পরিবহন শ্রমিক লীগের সভাপতি মোজাফ্ফর হোসেন, চকরিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন, পৌরসভা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আরিফ মাঈনুদ্দিন, ছাত্রলীগ নেতা শেফায়েতুল কবির প্রমুখ।
পৌরসভা নির্বাচনের আচরণবিধি অনুযায়ী কোনো ট্রাক, বাস, মোটরসাইকেল, নৌযান, ট্রেন কিংবা অন্য কোনো যান্ত্রিক যানবাহন সহকারে মিছিল বা মশাল মিছিল বা অন্য কোনো প্রকারের মিছিল কিংবা শোডাউন করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে।
জানতে চাইলে কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা ও চকরিয়া পৌরসভার রিটার্নিং কর্মকর্তা মো. মেছবাহ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘মেয়র পদপ্রার্থী আলমগীর চৌধুরী যানবাহন নিয়ে শোডাউন করেছেন বলে শুনেছি। এটা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। এ বিষয়ে আমরা পদক্ষেপ নেব।’
আচরণবিধি ভঙ্গের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আলমগীর চৌধুরী গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ছাত্রলীগ-যুবলীগের ছেলেরা মোটরসাইকেল নিয়ে স্বাগত জানালে আমি কি বাধা দিতে পারব? তা ছাড়া, এখানে সাধারণ জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল, আচরণবিধি লঙ্ঘনের কী আছে?’