‘গায়ের জোরে করা যেতে পারে, কিন্তু আলেমরা ভালো বলবেন না’

৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে খেলাফত মজলিস। সভায় বক্তব্য দেন দলের মহাসচিব আহমদ আবদুল কাদের। ৮ ডিসেম্বর, জাতীয় প্রেসক্লাব, ঢাকাছবি: আহমেদ দীপ্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের আলেমরা কখনই মূর্তি গ্রহণ করবেন না বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের। তিনি বলেছেন, ‘গায়ের জোরে করা যেতে পারে, কিন্তু আলেমরা কখনো এটা ভালো বলবেন না। আর আমরা জোর করে কোনো মূর্তি ভাঙতেও চাই না, ভাঙার কথাও বলি না।’

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আজ মঙ্গলবার বিকেলে এক আলোচনা সভায় এ কথা বলেন আহমদ আবদুল কাদের। দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খেলাফত মজলিস এই সভার আয়োজন করে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে আবদুল কাদের বলেন, মূর্তি ও ভাস্কর্যের শাব্দিক পার্থক্য মৌলিকভাবে সবই এক। ভাস্কর্য, মূর্তি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ইসলামের দৃষ্টিকোণ থেকে দেশের আলেমরা একমত হয়েছে যে ইসলামে কোনো মূর্তি-ভাস্কর্য নেই, থাকতে পারে না। তিনি বলেন, ‘আমরা ইসলামের কথা বলব। খেলাফত মজলিস জোর করে কোনো কিছু কায়েম করতে চায় না।’

আবদুল কাদের আরও বলেন, গত ৩১ বছরে খেলাফত মজলিস জাতীয়-আন্তর্জাতিক সব ইস্যুতে আন্দোলন করেছে, বিশেষ করে মুসলমান ও দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে।

যেকোনো বৃহত্তর আন্দোলনে ন্যায়ের পক্ষে খেলাফত মজলিস ছিল। তিনি বলেন, ‘নাস্তিক-মুরতাদদের বিরুদ্ধে, ভারতের আধিপত্যের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি।

আমাদের অর্জন হচ্ছে অন্যায়, নিপীড়ন ও জুলুমের বিরুদ্ধে সংগ্রাম করে যাওয়া।’

আলোচনায় সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের ঢাকা মহানগর শাখার সভাপতি রিফাত হোসেন। আরও বক্তব্য দেন যুগ্ম মহাসচিব আহমদ আলী কাসেমী, নায়েবে আমীর খালেকুজ্জামান, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন মিয়াজী প্রমুখ।