গুজবে কান দেবেন না: সৈয়দ আশরাফ

দপ্তর হারাচ্ছেন, এমন খবরের প্রসঙ্গে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম গুজবে কান না দেওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি আজ মঙ্গলবার সন্ধ্যায় কিশোরগঞ্জ শহরের বাড়িতে সাংবাদিকদের এ কথা বলেন।
এ প্রসঙ্গে সৈয়দ আশরাফ আরও বলেন, দপ্তর হারানোর বিষয়ে তিনি কিছু জানেন না। এ ছাড়া মন্ত্রিপরিষদে কোনো রদবদল হচ্ছে কিনা, এমন খবরও তাঁর জানা নেই।
এর পর মন্ত্রী স্থানীয় সমবায় কমিউনিটি সেন্টারে সদর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেন। এ সময় সাংবাদিকেরা তাঁর সঙ্গে কথা বলতে চান। তবে তিনি এড়িয়ে যান। সৈয়দ আশরাফ ইফতারের আগে কিংবা পরেও তেমন কোনো কথা বলেননি। এর মধ্যে একবার ‘সময় হয়ে গেছে, দোয়া পড়ুন’ বলে মাইক ছেড়ে দেন তিনি। ইফতারের পর দলের নেতা-কর্মীদের নিয়ে সার্কিট হাউসে চলে যান তিনি।
এদিকে সৈয়দ আশরাফ দপ্তর হারাচ্ছেন—দুপুরের পর থেকে তাঁর নিজ শহর কিশোরগঞ্জে এটিই ছিল প্রধান আলোচ্য বিষয়। তিনি আজ নিজ জেলায় আসছেন, এমন খবরে দলীয় অনেক নেতা-কর্মী ও স্থানীয় লোকজন তাঁর বাসভবনের সামনে জড়ো হন।
উল্লেখ্য আজ দুপুরের পর থেকে সৈয়দ আশরাফকে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হচ্ছে বলে গুজব ছড়িয়ে পড়ে। নাম প্রকাশ না করার শর্তে জ্যেষ্ঠ এক মন্ত্রী প্রথম আলোকে বলেন, আজকের একনেক বৈঠকে স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফ না থাকায় প্রধানমন্ত্রী ক্ষুব্ধ হয়েছিলেন। এরপর তিনি মন্ত্রিপরিষদ বিভাগকে এ বিষয়ে সারসংক্ষেপ তৈরি করতে বলেন। ওই মন্ত্রীর ভাষ্য, প্রধানমন্ত্রী হয়তো ক্ষোভের মুখে এ ধরনের কথা বলেছেন। চাইলে পরে তিনি তা প্রত্যাহার করে নিতে পারেন। তবে পুরো বিষয়টি এখন নির্ভর করছে প্রধানমন্ত্রীর ওপর নির্ভর করছে বলে জানিয়েছিলেন তিনি।
আরও পড়ুন:
দপ্তর হারাচ্ছেন সৈয়দ আশরাফ?