গুঞ্জনকে 'বাজে কথা' বললেন মির্জা ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির কারাবন্দী নেতাদের সঙ্গে সরকার আপসরফা ও সমঝোতার জন্য নানা রকম চেষ্টা চালাচ্ছে—এমন গুঞ্জন গত কিছুদিন ধরেই বিএনপির ভেতরে-বাইরে চলছিল। তবে সদ্য কারামুক্ত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঘিরে যেসব গুঞ্জন ছিল, তিনি তা নাকচ করে দিয়েছেন। তিনি দাবি করেন, সরকারের পক্ষ থেকে এধরনের গুঞ্জন ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা চলছে।
বিএনপির একাধিক সূত্র জানায়, কিছুদিন ধরে দলের ভেতরে এমনও বলাবলি হচ্ছিল যে সরকার বিএনপিকে ভাঙতে বা দলের ভেতরে উপদল সৃষ্টি করে ঝামেলা পাকাতে বিভিন্নভাবে কূট তৎপরতা চলাচ্ছে। কারাবন্দী মির্জা ফখরুলকে নানাভাবে চাপ প্রয়োগ করে এবং জামিনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাঁকে বশে নেওয়ার চেষ্টা চলছিল বলেও গুঞ্জন ছিল। এমনকি জামিনে মুক্তি দিয়ে তাঁকে বিদেশে পাঠিয়ে দেওয়ার কথাও আলোচনায় ছিল।
এ বিষয়ে জানতে চাইলে গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন মির্জা ফখরুল ইসলাম গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ‘এসব বাজে কথা। আমার জামিনে বাধা দিতে সরকার কোনো চেষ্টাই বাদ রাখেনি, তা আপনারা দেখেছেন। এখন নানা গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।’
মির্জা ফখরুল জানান, ঈদের পরপরই তিনি যুক্তরাষ্ট্রে যাওয়ার চেষ্টা করছেন। ওই দেশের ওহাইও অঙ্গরাজ্যের একটি বিশেষায়িত হাসপাতালে তাঁর গলার রক্তনালিতে প্রতিবন্ধকতার চিকিৎসার জন্য পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করা হচ্ছে। যুক্তরাষ্ট্রে যাওয়া সম্ভব না হলে তিনি সিঙ্গাপুরে চিকিৎসা নেবেন।
মির্জা ফখরুলের চিকিৎসক ও তাঁর পরিবারের সদস্যরা বলেছেন, ফখরুলের হৃদ্যন্ত্রে চারটি ব্লক ধরা পড়ে, এর তিনটিতে রিং বসানো হয়েছে। নতুন করে তাঁর গলার রক্তনালিতে প্রতিবন্ধকতা ধরা পড়েছে। গত ছয় মাসে কারাগারে তাঁর ওজন কমেছে ১২ কেজি। এখন তাঁর শরীরে অপুষ্টি দেখা দিয়েছে। শিগগির তাঁকে ইউনাইটেড হাসপাতাল থেকে বাসায় নেওয়া হবে।
বিএনপির দায়িত্বশীল একাধিক নেতা দাবি করেন, সরকার দল ভাঙার চেষ্টার পাশাপাশি বিএনপিকে দুর্বল করার জন্য নানা কৌশল অবলম্বন করছে। এরই অংশ হিসেবে নেতাদের কারও কারও মামলার গতি বাড়ানো বা কমানো এবং তাঁদের জামিন নিয়েও মাঝেমধ্যে নানা কৌশল নিচ্ছে, যাতে সংশ্লিষ্ট নেতাদের নিয়ে দলে সন্দেহ-সংশয় তৈরি হয়।
প্রসঙ্গত, ছয় মাস কারাভোগের পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ফখরুলকে ছয় সপ্তাহের জন্য জামিন দেন। গত মঙ্গলবার সন্ধ্যায় তিনি মুক্তি পান।
গতকাল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে দলের মুখপাত্র আসাদুজ্জামান (রিপন) বলেছেন, মির্জা ফখরুলের শারীরিক অবস্থা অবনতিশীল বলেই উচ্চ আদালত জামিন দিয়েছেন। তিনি বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ অসংখ্য নেতা এখনো কারাবন্দী আছেন।