আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দল করলে নিয়ম-শৃঙ্খলা মানতে হবে। যারা মানবে না, তাদের দল থেকে বের করে দেওয়া হবে। গুটি কয়েকজনের জন্য দলের শৃঙ্খলা নষ্ট হচ্ছে। গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম নগরের লালদীঘি মাঠে অনুষ্ঠিত সংবর্ধনা সমাবেশে এ কথা বলেন তিনি।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের আগে অনুষ্ঠানে বক্তৃতা করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন। তখন মাঠের মাঝের অংশে হঠাৎ কিছু নেতা-কর্মী একে অন্যের প্রতি চেয়ার ছুড়ে মারলে বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়। এ সময় মোশাররফ হোসেন ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু, নেত্রী আছে—কোন সেই নেত্রী’ বলে স্লোগান দিয়ে পরিবেশ শান্ত করার চেষ্টা করেন। এর আগে গতকাল বেলা ১১টায় চট্টগ্রাম সার্কিট হাউসে ওবায়দুল কাদেরকে ফুল দেওয়া নিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
লালদীঘি মাঠের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওবায়দুল কাদের। দলের কেন্দ্রীয় কমিটিতে ঠাঁই পাওয়া বৃহত্তর চট্টগ্রামের নয়জন নেতা ও দলের সাধারণ সম্পাদককে সংবর্ধনা দিতে এ সমাবেশের আয়োজন করে চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ। সংবর্ধিত নেতারা হলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য মোশাররফ হোসেন, তিন উপদেষ্টা অনুপম সেন, ইসহাক মিয়া ও প্রণব বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী, উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম, উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এবং সদস্য দীপঙ্কর তালুকদার। দেশের বাইরে থাকায় হাছান মাহমুদ অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী।
সমাবেশে ওবায়দুল কাদের বলেন, ‘দলে বসন্তের কোকিল ও মৌসুমি পাখির কোনো স্থান নেই। গুটি কয়েকজন পরিবেশ নষ্ট করতে চায়। এরা কারা? এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যখন দুঃসময় আসবে, তখন এদের খুঁজে পাওয়া যাবে না। টুকটাক এটা-সেটা করবেন না। ওই দিন চলে গেছে।’ তিনি অভিযোগ করেন, ‘বিএনপি বিদেশি শক্তির ওপর নির্ভর করে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে। বিদেশিরা আমাদের বন্ধু হতে পারে, ক্ষমতার নিয়ামক হতে পারে না।’
গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন বলেন, ‘আওয়ামী লীগে অনেক জ্ঞানী-গুণী মানুষ আছেন, যাঁরা কমিটিতে জায়গা পাননি। তাহলে তাঁরা কি “আলাদা লীগ” করবেন, আলাদা সংগঠন করবেন? আওয়ামী লীগে “আমি লীগের” কোনো জায়গা নেই।’
হাতাহাতি: সার্কিট হাউসে ওবায়দুল কাদেরকে ফুল দিতে গিয়ে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরীর অনুসারীদের সঙ্গে পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রাশেদ মনোয়ারের অনুসারীদের হাতাহাতি ও ঘুষাঘুষি হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। ওই সময় ওবায়দুল কাদের সার্কিট হাউসের দ্বিতীয় তলার একটি কক্ষে অবস্থান করছিলেন।
নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতি ও চেয়ার ছোড়াছুড়ির বিষয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘সার্কিট হাউসে কী ঘটেছে সেটা আমি খবর নেব। কলেজের কিছু ছেলে চেয়ার ছোড়াছুড়ি করে। আমরা ভিডিও ফুটেজ ধরে গন্ডগোল সৃষ্টিকারী লোকদের চিহ্নিত করে ব্যবস্থা নেব।’
এ বিষয়ে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, চেয়ার ছোড়াছুড়ির ফুটেজ দেখে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে কঠিন সাংগঠনিক ব্যবস্থা নেব আমরা।