গুপ্তহত্যা ও ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুপ্তহত্যা চালিয়ে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার ষড়যন্ত্রে লিপ্ত জঙ্গি-সন্ত্রাসী এবং তাদের মদদদাতাদের বিরুদ্ধে দেশবাসীকে রুখে দাঁড়ানোর আহ্বানে গতকাল দুপুরে যশোর শহরের গাড়ীখানা সড়কে মানববন্ধন করে ১৪ দল যশোর জেলা শাখা l প্রথম আলো
গুপ্তহত্যা চালিয়ে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার ষড়যন্ত্রে লিপ্ত জঙ্গি-সন্ত্রাসী এবং তাদের মদদদাতাদের বিরুদ্ধে দেশবাসীকে রুখে দাঁড়ানোর আহ্বানে গতকাল দুপুরে যশোর শহরের গাড়ীখানা সড়কে মানববন্ধন করে ১৪ দল যশোর জেলা শাখা l প্রথম আলো

সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও গুপ্তহত্যার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে গতকাল রোববার মানববন্ধন কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪-দলীয় জোট।
মানববন্ধনে বক্তারা বলেন, বিএনপি-জামায়াত জোট জঙ্গিবাদ, গুপ্তহত্যা ও সাম্প্রদায়িকতা সৃষ্টির মাধ্যমে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়। তাই বিএনপি-জামায়াতের এই ষড়যন্ত্রকে রুখে দাঁড়ানোর জন্য তাঁরা সবাইকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
বরগুনা: জেলা আওয়ামী লীগ বেলা ১১টায় বরগুনা প্রেসক্লাব চত্বরে মানববন্ধন করে। এ সময় সমাবেশে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির, সহসভাপতি হুমায়ুন কবির, যুগ্ম সম্পাদক মোতালেব মৃধা, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্বাস হোসেন মোল্লা প্রমুখ।

চুয়াডাঙ্গা: বড় বাজার শহীদ হাসান চত্বরে বেলা তিনটা থেকে আধঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চুয়াডাঙ্গা জেলা কমান্ড ও সদর উপজেলা কমান্ড যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করে। এতে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের পক্ষের লোকজন অংশগ্রহণ করেন। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডার আবু হোসেন, সাবেক কমান্ডার নুরুল ইসলাম প্রমুখ।

পটুয়াখালী: প্রেসক্লাবের সামনে মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া। যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আলমগীরের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক খান মোশাররফ হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তারিকুজ্জামান মনি, মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিটের কমান্ডার এম এ হালিম, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি অতুল চন্দ্র দাস প্রমুখ।

নড়াইল: বেলা ১১টায় আদালত সড়কে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস বোস, ১৪ দলের সমন্বয়ক ফজলুর রহমান, আওয়ামী লীগের নেতা সাঈফ হাফিজুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি সোহরাব হোসেন বিশ্বাস, ওয়ার্কার্স পার্টির জেলা সম্পাদক নজরুল ইসলাম, জাসদ (ইনু) জেলা কমিটির সভাপতি হেমায়েত উল্লাহ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফরোজা খানম, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা শাহ জালাল মুকুল প্রমুখ।

লোহাগড়া (নড়াইল): জঙ্গি তৎপরতা, গুপ্তহত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ প্রশাসনের আয়োজনে উপজেলা শহরে লাঠি শোভাযাত্রা ও সমাবেশ হয়েছে। শোভাযাত্রায় অংশ নেওয়া অধিকাংশ লোকের হাতে বাঁশ ও কাঠের লাঠি এবং বাঁশি ছিল।

ফরিদপুর: বেলা তিনটার দিকে স্থানীয় প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খানসহ ১৪ দলের নেতারা বক্তব্য দেন। বক্তারা গুপ্তহত্যার বিচার এবং হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দ্রুত বিচারকার্য শেষ করার আহ্বান জানান।

গোয়ালন্দ (রাজবাড়ী): দৌলতদিয়া-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন করা হয়।