গুপ্তহত্যা বন্ধ করতে সক্ষম হব: হানিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুপ্তহত্যা অবশ্যই বন্ধ হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেছেন, ‘গুপ্তহত্যার মাধ্যমে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে, বাংলাদেশের মানুষের মনে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। আশ্বস্ত করতে চাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান গুপ্তহত্যা বন্ধ করতে সক্ষম হব আমরা।’
গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের যৌথ সভায় এসব কথা বলেন হানিফ। ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সফল করতে এই যৌথ সভার আয়োজন করা হয়।
যৌথ সভায় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অহেতুক সমালোচনা করে লাভ নেই। এতে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়। তিনি বলেন, ‘আসুন, আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমর্থন করি, সহযোগিতায় এগিয়ে আসি। অহেতুক তাদের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক কথাবার্তা না বলি।’
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ