গুপ্তহত্যাকারী চক্রকে দমনে ঐক্য দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুপ্তহত্যা ​ও জঙ্গিবাদের বিরুদ্ধে গতকাল বিকেলে চট্টগ্রামে ১৪ দলের মানববন্ধনে নেতা–কর্মীরা। চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত এ কর্মসূচিতে বক্তব্য দেন নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। এ সময় চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দীনসহ ১৪ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন l ছবি: প্রথম আলো
গুপ্তহত্যা ​ও জঙ্গিবাদের বিরুদ্ধে গতকাল বিকেলে চট্টগ্রামে ১৪ দলের মানববন্ধনে নেতা–কর্মীরা। চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত এ কর্মসূচিতে বক্তব্য দেন নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। এ সময় চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দীনসহ ১৪ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন l ছবি: প্রথম আলো

গুপ্তহত্যার মাধ্যমে দেশে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে চায় একটি চক্র। সরকারকে বেকায়দায় ফেলা এবং দেশকে অকার্যকর রাষ্ট্র বানানোই এই চক্রের উদ্দেশ্য। একাত্তর সালে পাকিস্তানিদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল মানুষ। নিজেদের মধ্যে ঐক্য থাকলে গুপ্তহত্যাকারী চক্রকে দমন করা কঠিন কোনো বিষয় নয়। নাগরিক ঐক্যের কাছে কোনো ষড়যন্ত্র টিকবে না।
গুপ্তহত্যা, জঙ্গিবাদের বিরুদ্ধে গতকাল রোববার বিকেলে চট্টগ্রাম নগর ১৪ দল আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী।
মানববন্ধনে বক্তব্য দেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ, উত্তর জেলার সভাপতি নুরুল আলম চৌধুরী, জাসদের কেন্দ্রীয় নেতা ইন্দু নন্দন দত্ত, ওয়ার্কার্স পার্টির নেতা আবু হানিফ, গণতন্ত্রী পার্টির নেতা স্বপন সেন প্রমুখ।
মানববন্ধন মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘সারা দেশে গুপ্তহত্যা চালিয়ে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে। আমরা দেশ স্বাধীন করেছি উন্নয়ন ও সমৃদ্ধির জন্য। কিন্তু হত্যাকারীরা দেশের অগ্রগতির পথে বাধা তৈরি করতে চায়। একাত্তরে আমরা পাকিস্তানিদের রুখে দিয়েছিলাম। আমাদের মধ্যে ঐক্য থাকলে এদের দমন করা কঠিন কোনো বিষয় নয়।’
মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘একাত্তরে আমরা মাথা নত করিনি। জঙ্গিদের কাছেও করব না। নির্ভয়ে এগিয়ে যাব। এলাকায় এলাকায়, পাড়া-মহল্লার মানুষকে একাত্তরের মতো ঝুঁকি নিয়ে এগিয়ে আসতে হবে। তা না হলে চলবে না।’ পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রীর খুনিরা ধরা না পড়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘একজন সাহসী পুলিশ অফিসারের স্ত্রী দুই সপ্তাহ আগে খুন হয়েছেন। এ ঘটনায় একজন খুনি কেন ধরা পড়ল না? পুলিশ ভাইদের প্রতি আমাদের আস্থা আছে। আপনারা সঠিকভাবে তদন্ত করে এসপির স্ত্রীর খুনিদের আইনের আওতায় আনুন।’
মানববন্ধন কর্মসূচিতে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, একাত্তরে স্বাধীনতার বিরোধিতাকারীরা গুপ্তহত্যা চালিয়ে দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মুহূর্তে দেশের উন্নয়ন করছেন, তখনই গুপ্তহত্যা চালানো হচ্ছে। জঙ্গিরা সংখ্যালঘু, বিদেশি নাগরিক, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির তালিকা তৈরি করে একে একে হত্যা করছে।
মেয়র নাছির বলেন, গুপ্তহত্যা চালিয়ে উত্তেজনা ও ভীতি সৃষ্টি করা হচ্ছে। এই পরিস্থিতিতে সারা দেশের নাগরিকদের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। গুপ্তহত্যা মোকাবিলায় সবাইকে সজাগ থাকতে হবে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ বলেন, ষড়যন্ত্রকারীরা গুপ্তহত্যা আর বিদেশি হত্যার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে তুলতে চায়। সময় এসেছে তাদের দাঁতভাঙা জবাব দেওয়ার। এ জন্য পাড়া-মহল্লায় ঐক্য গড়ে তুলতে হবে।
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী বলেন, ‘গত শুক্রবার চকবাজার অলি খাঁ মসজিদের সামনে হিজবুত তাহরির সদস্যরা লিফলেট বিলি করেছে। কেন তাদের ধরা হলো না? জঙ্গিদের দমন করা না হলে কেউ ভালো থাকতে পারবে না। এদের নির্মূল করতে সামাজিক ঐক্য গড়ে তুলতে হবে।’