গুপ্তহত্যাকারীদের গণপিটুনি দিয়ে পুলিশে দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণতান্ত্রিক সরকার উৎখাতের জন্য যারা আগুনসন্ত্রাস করেছিল, তারাই আজ দেশব্যাপী গুপ্তহত্যা করছে। গুপ্তহত্যাকারীদের যেখানে পাওয়া যাবে, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করতে হবে। আজ বুধবার বিকেলে নগরের দোস্ত বিল্ডিং এলাকায় সন্ত্রাস, গুপ্তহত্যা ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে এসব কথা বলেছেন বক্তারা। জাগ্রত ছাত্র যুব জনতা নামে একটি সংগঠন এই কর্মসূচির আয়োজন করে।

কর্মসূচিতে মূল বক্তা নগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম বলেন, ‘দেশে এখন গুপ্তহত্যা নতুন সমস্যা। সংখ্যালঘু জনগোষ্ঠীর পূজারিসহ বিভিন্ন লোককে হত্যা করা হচ্ছে। কিছুদিন আগে এক বিএনপি নেতা মোসাদের সঙ্গে ষড়যন্ত্র করেছিলেন। এসব তারই ফলাফল। সরকার উৎখাতে যারা আগুনসন্ত্রাস করেছিল, তারাই আজ গুপ্তহত্যার সঙ্গে জড়িত।’ তিনি আরও বলেন, ‘গুপ্তহত্যাকারী তারাই, যারা স্বাধীনতাবিরোধী। রাজনৈতিকভাবে পরাজিত হয়ে তারা এখন গণহত্যার পথ বেছে নিয়েছে। গুপ্তঘাতকদের গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করুন।’

সভায় বক্তারা বলেন, ইসলাম মানবতার ধর্ম। এতে জঙ্গিবাদের স্থান নেই। বিভেদ নয়, ঐক্যবদ্ধভাবে জঙ্গিদের মোকাবিলা করতে হবে। সদস্যসচিব আবদুর রহিমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক এ এস এম জাহিদ, আওয়ামী লীগের নেতা মোরশেদ আলমসহ স্থানীয় নেতারা।