গুপ্তহত্যার প্রতিবাদে ১৪ দলের মানববন্ধন ১৯ জুন
গুপ্তহত্যার প্রতিবাদে ১৯ জুন বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত দেশব্যাপী এক ঘণ্টা মানববন্ধন করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪-দলীয় জোট। ১৪ জুন মঙ্গলবার ঝিনাইদহে নিহত পুরোহিতের বাসায় যাবেন ১৪ দলের নেতারা।
আজ শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী ও জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম এ কর্মসূচির কথা জানান।
মোহাম্মদ নাসিম বলেন, ‘দেশে চলমান গুপ্তহত্যায় জড়িত ব্যক্তিদের রক্ষার্থে খালেদা জিয়া ঘোমটা খুলে নেমেছেন। অত্যন্ত কাপুরুষের মতো গুপ্তহত্যাগুলো ঘটানো হচ্ছে। অশুভ লক্ষ্য অর্জনের জন্যই এ ঘটনাগুলো ঘটানো হচ্ছে।’
নাসিম বলেন, ‘যাঁরা মারা গেছেন, তাঁদের পরিবারকে সমবেদনা না জানিয়ে খুনিদের তিনি প্রশ্রয় দিচ্ছেন। এর নিন্দা জানানোর ভাষা আমাদের নেই।; তিনি বলেন, ‘যাঁরা ভাবছেন এসব ঘটনার পর আমরা আপস করব, তাঁরা বোকার স্বর্গে বাস করছেন। কারণ, শেখ হাসিনা আপস করেন না।’
নাসিম বলেন, রমজানের পর গ্রামগঞ্জে ১৪ দল টিম করে লাগামহীনভাবে এসব হত্যাকাণ্ডের বিরুদ্ধে গণজাগরণ তৈরি করবে।
বৈঠকের বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন বলেছেন, ফখরুল সাহেব বলেছেন, চিরুনি অভিযানে নাকি তাঁদের কর্মীদের ধরপাকড় করা হবে। কিন্তু বিএনপি তাদের প্রশ্রয় না দিলে তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। বৈঠকের পর ১৪ দলের নেতারা পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের বাসায় গেছেন।