গুপ্তহত্যার বিরুদ্ধে প্রতিরোধ শুরু হয়েছে: ১৪ দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুপ্তহত্যা ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে গতকাল মানববন্ধন করে ১৪-দলীয় জোট। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে মানববন্ধনে অংশ নেন জোটের কেন্দ্রীয় নেতারা l ছবি: প্রথম আলো
গুপ্তহত্যা ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে গতকাল মানববন্ধন করে ১৪-দলীয় জোট। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে মানববন্ধনে অংশ নেন জোটের কেন্দ্রীয় নেতারা l ছবি: প্রথম আলো

সাম্প্রতিক গুপ্তহত্যার ঘটনায় বিএনপি-জামায়াতকে দায়ী করেছে ১৪ দল। আওয়ামী লীগের নেতৃত্বাধীন এই জোটের নেতারা বলেছেন, গুপ্তহত্যার বিরুদ্ধে প্রতিরোধ শুরু হয়েছে। জনগণের শক্তির কাছে তারা পরাজিত হবেই।
গতকাল রোববার গুপ্তহত্যা, সন্ত্রাস, নৈরাজ্য ও জঙ্গিবাদের প্রতিবাদে কেন্দ্রীয় ১৪ দলের উদ্যোগে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে ১৪ দলের নেতারা এসব কথা বলেন। বিকেল তিনটা থেকে চারটা পর্যন্ত সারা দেশে এ কর্মসূচি পালন করা হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকার গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত ১৫ কিলোমিটার পথে মানববন্ধনে অংশ নেন জোটের নেতা-কর্মীরা। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে মানববন্ধন শেষে কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম আগামী ১৫ থেকে ২১ জুলাই ‘গণপ্রতিরোধ সপ্তাহ’ কর্মসূচি ঘোষণা করেন।
রাসেল স্কয়ার এলাকায় মানববন্ধনে নেতৃত্ব দেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের মধ্যে সেখানে ছিলেন দীপু মনি, আবদুর রাজ্জাক, আহমদ হোসেন প্রমুখ।
তোফায়েল আহমেদ বলেন, যেখানে এক লাখ ওলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন, এ ধরনের সন্ত্রাসী কার্যক্রম ইসলামে নিষিদ্ধ; সেখানে এদের আড়াল করার জন্য খালেদা জিয়া প্রতিদিন ইফতার পার্টিতে আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দিয়ে মূলত গুপ্তহত্যাকারীদের পক্ষে অবস্থান নিয়েছেন।
গুপ্তহত্যার জন্য খালেদা জিয়া দায়ী মন্তব্য করে তোফায়েল বলেন, ‘পুরোহিতদের হত্যা করা হয়, বেছে বেছে টার্গেটেড কিলিং করা হয়, যাতে প্রতিবেশীরা প্রতিক্রিয়া জানায়। কিন্তু আমরা শেখ হাসিনার নেতৃত্বে শপথ নিয়েছি, আমরা জঙ্গি তৎপরতা নির্মূল করব। খালেদা জিয়া অতীতেও পরাজিত হয়েছেন, এবারও পরাজিত হবেন।’
বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ ও ১৪ দলের শরিক দলগুলোর শীর্ষস্থানীয় নেতারা মানববন্ধনে অংশ নেন। সেখান থেকেই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ওই স্থানে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, ‘খালেদা জিয়া আপনি ভুলে গেছেন, আপনার সময় আপনি কী করেছিলেন? শাহ এ এম এস কিবরিয়া হত্যা হয়েছিল। সবকিছু ভুলে গেছেন। এখন আপনি শেখ হাসিনাকে হুমকি দেন! বাংলার মানুষ আপনাকে প্রতিরোধ করবে। আপনি হিংসুটে মহিলা।’
মোহাম্মদ নাসিম বলেন, গুপ্তহত্যাকারীদের চাইতে শক্তিশালী হলো বাংলার জনগণ। দেশব্যাপী শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করে তারা সেটি দেখিয়ে দিয়েছে। তিনি বলেন, গণপ্রতিরোধ সপ্তাহে গ্রাম থেকে গ্রাম ও পাড়া-মহল্লায় গিয়ে গুপ্তহত্যা-সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি করা হবে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, আগুনসন্ত্রাসের বিরুদ্ধে যেমন বাংলার জনগণ প্রতিরোধ করেছিল, তেমনি গুপ্তহত্যাকারীদের বাংলার জনগণ প্রতিরোধ শুরু করেছে। তিনি বলেন, আজকে বেছে বেছে সংখ্যালঘুদের ওপর হামলা করা হচ্ছে। আসলে দেশে একটি সাম্প্রদায়িক আবহ তৈরির চেষ্টা করা হচ্ছে। সবাই মিলে এর প্রতিরোধ করতে হবে।
মানিক মিয়া অ্যাভিনিউয়ের পাশে আড়ংয়ের সামনে মানববন্ধনে নেতৃত্ব দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের। সেখানে আরও ছিলেন জাহাঙ্গীর কবির নানক, খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ।
ওবায়দুল কাদের বলেন, প্রকাশ্য শত্রুর চেয়ে অপ্রকাশ্য শত্রু অনেক বেশি ভয়ংকর। নীরব কর্মসূচিতে তাদের পরাস্ত করা যাবে না, প্রয়োজন অ্যাকশনধর্মী কিছুর। মানববন্ধন তারই অংশ।
রমজান মাসে বিকেলে রাজধানীতে এমনিতেই যানজট হয়। সড়কের একাংশে মানববন্ধনের কারণে প্রধান কিছু সড়কে যানজট আরও বেড়ে যায়।