গুম-খুনের প্রমাণ দিলে সরকার কাঠগড়ায় দাঁড়াবে: ওবায়দুল কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গুম-খুনের রাজনীতি আওয়ামী লীগের ইতিহাসে নেই। আওয়ামী লীগ ষড়যন্ত্রের রাজনীতি করে না। কেউ গুম বা খুন হলে অবশ্যই প্রমাণ দিতে হবে। অকাট্য প্রমাণ দিতে পারলে সরকার অবশ্যই দায়ী হবে এবং বিচারের জন্য কাঠগড়ায় দাঁড়াবে।
আজ বৃহস্পতিবার সকালে স্বাধীনতা দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রামে আসন্ন সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বিএনপি বলছে এটি তামাশার নির্বাচন। আওয়ামী লীগ তামাশার নির্বাচন করে না। বরং বিএনপির আন্দোলন জাতির কাছে তামাশার আন্দোলন হয়ে গেছে। বিএনপি তামাশা করছে বলেই জনগণ তাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে।
মন্ত্রী আরও বলেন, আন্দোলনের নামে বিএনপি চোরাগোপ্তা হামলা করছে। কিন্তু চোরাগোপ্তা হামলা করে দেশের সরকার পরিবর্তন হয়েছে, এমন উদাহরণ পৃথিবীর ইতিহাসে নেই। তিনি বলেন, বোমাবাজির ভয়ে সরকার পদত্যাগ করবে না।

এর আগে সকাল নয়টার দিকে ওবায়দুল কাদের কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক চৌধুরী এমদাদুল হক, টুঙ্গিপাড়া আওয়ামী লীগের সভাপতি শেখ আবদুল হালিম, সাধারণ সম্পাদক আবুল বাশার খায়ের এবং উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।