গুম, খুনের শিকার নেতা-কর্মীদের তালিকা করছে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে গুম, খুন, অপহরণ ও গুরুতর জখমের শিকার নেতা-কর্মীদের তালিকা করবে বিএনপি। এ লক্ষে বিএনপি এবং এর সব অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি-সম্পাদককে গত বৃহস্পতিবার বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে চিঠি পাঠানো হয়েছে।
বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপনের স্বাক্ষরে ওই চিঠি পাঠানো হয়। চিঠিতে বলা হয়, ২০১৫ সালের ৫ জানুয়ারি থেকে মহানগর, জেলা, উপজেলায় বিএনপি ও অঙ্গসংগঠনের কতজন নেতা-কর্মী ও সমর্থক আইনশৃঙ্খলা বাহিনীর ‘ক্রসফায়ারে’, নির্যাতনে বা অন্য কোনোভাবে নিহত বা গুরুতর আহত হয়েছেন; কতজন অপহরণ, গুম হয়েছেন; সরকারি দলের হামলায় কতজন খুন-জখম হয়েছেন—তাঁদের দলীয় পরিচয়সহ নাম-ঠিকানা আগামী ১০ দিনের মধ্যে বিএনপির কেন্দ্রীয় দপ্তরে পাঠাতে জরুরি ভিত্তিতে অনুরোধ করা গেল।
এ ছাড়া সারা দেশে মামলার শিকার নেতা-কর্মীদের আইনি সহায়তা দেওয়ারও উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য দলের কেন্দ্র থেকে মাঠপর্যায়ের নেতা-কর্মীদের বিরুদ্ধে হওয়া মামলার তালিকা করারও উদ্যোগ নেওয়া হয়েছে। কারাগারে আটক ও আত্মগোপনে থাকা দলের শীর্ষস্থানীয় নেতাদের নামে কয়টি মামলা আছে, সে তালিকাও করা হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে আসাদুজ্জামান রিপন গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, ‘কতজন নেতা-কর্মী গুম, খুনের শিকার হয়েছেন, কতজন এখনো নিখোঁজ রয়েছেন, কার বিরুদ্ধে কয়টি মামলা আছে, এসব তথ্য সংগ্রহ করা হচ্ছে।’