গুম, খুনের সঙ্গে জড়িতদের ক্ষমা নেই: খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, গুম, খুনের সঙ্গে জড়িত র্যা ব ও পুলিশ সদস্যদের কোনো দিন ক্ষমা করা হবে না। গণতান্ত্রিক অবস্থা ফিরে এলে একদিন-না-একদিন তাদের বিচার হবে।
গতকাল বুধবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে বিগত আন্দোলনে বিএনপি ও অঙ্গসংগঠনের গুম ও খুন হওয়া নেতা-কর্মীদের পরিবারের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে খালেদা জিয়া এ মন্তব্য করেন। বিএনপির চেয়ারপারসন এই ইফতার অনুষ্ঠানের আয়োজন করেন।
খালেদা জিয়া অভিযোগ করেন, ২০১৩ সালে বিএনপির আন্দোলন দমনের জন্য সরকার গুম, খুন করেছে। তারপরও মানুষ ২০১৪ সালে নির্বাচনে ভোট না দিয়ে এর প্রতিবাদ জানিয়েছে। তিনি বলেন, গণতান্ত্রিক অবস্থা ফিরে এলে গুমের শিকার নেতা-কর্মীদের খোঁজ করার চেষ্টা করা হবে। পাশাপাশি এই গুম, খুনে জড়িত র্যা ব ও পুলিশের সদস্যদের বিচার করা হবে। তাদের কোনো দিন ক্ষমা করা হবে না। একদিন-না-একদিন তাদের বিচার হবে। গুম হওয়া লোকজন ফিরে না এলেও এর বিচার পেলে পরিবারের লোকজন শান্তি পাবে।
ইফতার অনুষ্ঠানে ২০১৩ সাল থেকে গুম, খুন হওয়া ৩৮টি পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
ইফতারের আধঘণ্টা আগে অনুষ্ঠানস্থলে এসে খালেদা জিয়া আমন্ত্রিত পরিবারগুলোর সঙ্গে টেবিলে টেবিলে ঘুরে কুশল বিনিময় করেন। গুম, খুন হওয়া নেতা-কর্মীদের পরিবারের সদস্যরাও খালেদা জিয়াকে কাছে পেয়ে স্বজনদের ফিরে পাওয়ার আকুতি জানান। অনেকে এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন। খালেদা জিয়া তাঁদের প্রতি সমবেদনা জানান।
উপস্থিত স্বজনদের উদ্দেশে খালেদা জিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘যারা গুম হয়েছে, তারা কোথায় আছে জানি না। তবে আপনারা যেমন আশা করে আছেন, আমরাও সে আশায় বসে আছি। তারা হয়তো আমাদের মধ্যে ফিরে আসবে। আমরাও ওদের ভাইবোনের মতো মনে করেছি। সন্তানহারার ব্যথা আমি ভালো বুঝি।’
ক্রসফায়ারের সমালোচনা করে খালেদা জিয়া বলেন, ‘কথা নেই, বার্তা নেই, একটা নিরীহ ছেলেকে মেরে ফেলল। এটা মানা যায় না। তাকে অন্যায়ভাবে গুলি করে মেরে ফেলছে।’
বিএনপিকে ধ্বংস করা সরকারের টার্গেট, এমন অভিযোগ করে তিনি বলেন, ভালো ভালো যুবক ছেলেরা বিএনপিতে আসছে। এটাও আওয়ামী লীগের হিংসার কারণ। তারা চায় কীভাবে বিএনপিকে ধ্বংস করা যায়।
ইফতারের আগে ছাত্রদল নেতা চঞ্চলের ছেলে আহাদ প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘আমার পাপাকে ফিরিয়ে দেন। পাপার সঙ্গে ঈদ করব।’
আরও বক্তব্য দেন গুম হওয়া ছাত্রদল নেতা নাজিমুদ্দিনের বাবা শামসুদ্দিন আহমেদ। তিনি গুম হওয়া নেতা-কর্মীদের পরিবারের সদস্যদের নিয়ে ইফতার অনুষ্ঠানের আয়োজন করায় খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ইফতার অনুষ্ঠানে বিএনপি নেতাদের মধ্যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস প্রমুখ উপস্থিত ছিলেন। পরে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা দেন খালেদা জিয়া।