গুম-হত্যার ভয়ে নিষ্ক্রিয় হওয়া যাবে না: কামাল হোসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুম-হত্যার ভয়ে নিষ্ক্রিয় হয়ে গেলে সমাজকে দুর্নীতিমুক্ত করা যাবে না বলে মন্তব্য করেছেন গণফোরামের সভাপতি ও বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন।

গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে জাতীয় ঐক্য প্রক্রিয়া নামের একটি সংগঠন আয়োজিত ‘দুর্নীতি জাতীয় অগ্রগতির প্রধান অন্তরায়’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

সংগঠনটির আহ্বায়ক ও অনুষ্ঠানের প্রধান বক্তা কামাল হোসেন বলেন, ‘রাষ্ট্রযন্ত্রের মধ্যে গলদ আছে, প্রাতিষ্ঠানিকভাবেই দুর্নীতি আছে, শাসনব্যবস্থার মধ্যে দুর্নীতি আছে। এর থেকে মুক্ত হতে গেলে আগে দুর্নীতি চিহ্নিত করতে হবে। জবাবদিহি নিশ্চিত করার জন্য আমাদের সোচ্চার হতে হবে। গুম-হত্যার ভয়ে নিষ্ক্রিয় হয়ে গেলে সমাজকে দুর্নীতিমুক্ত করা যাবে না।’

একই সঙ্গে ‘গুম-খুন ও কুশাসনের বিরুদ্ধে’ জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিশিষ্ট এই আইনজীবী বলেন, ‘নিজেকে ভয় থেকে মুক্ত হতে হবে। স্বাধীন দেশে প্রজাতন্ত্রের মালিক হচ্ছে জনগণ। আমাদের সংবিধান আছে। সেখানে বলা আছে, আমার জানমালের নিরাপত্তা দেবে রাষ্ট্র। রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে নিজের করণীয় নির্ধারণ করতে হবে।’