প্রেসক্লাবে গুম প্রতিরোধ দিবসের অনুষ্ঠান হয়নি
গুমের ঘটনার আন্তর্জাতিক তদন্ত চান খালেদা জিয়া

দেশে সংঘটিত গুমের ঘটনাগুলোর জাতিসংঘের উদ্যোগে আন্তর্জাতিক তদন্তের দাবি করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তাঁর অভিযোগ, ক্ষমতাসীন সরকারের নির্দেশেই গুমের ঘটনাগুলো ঘটেছে।
গতকাল রোববার সন্ধ্যায় গুলশানে নিজের কার্যালয়ে দলের নিখোঁজ নেতা-কর্মীদের স্বজনদের সহমর্মিতা জানাতে বিএনপি আয়োজিত অনুষ্ঠানে খালেদা জিয়া এই অভিযোগ করেন। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে ‘অনন্ত অপেক্ষা’ শিরোনামে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ২০০৯ থেকে ২০১৫ সালের জুলাই পর্যন্ত বিএনপি ও এর অঙ্গসংগঠনের নিখোঁজ হওয়া ২৬ নেতা-কর্মীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে জাতীয় প্রেসক্লাবে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে গুমের শিকার হওয়া ব্যক্তিদের স্মরণ এবং তাঁদের পরিবারের প্রতি সহমর্মিতা জানানোর জন্য কয়েকটি মানবাধিকার সংগঠনের উদ্যোগে একটি অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও তা হয়নি। গতকাল সকালে নির্ধারিত সময়ে জাতীয় প্রেসক্লাবে গিয়ে দেখা যায়, যে মিলনায়তনে অনুষ্ঠানটি হওয়ার কথা, সেখানে পুলিশ সদস্যরা বসে আছেন।
পরে এসব পরিবারের কেউ কেউ যান খালেদা জিয়ার কার্যালয়ে। প্রেসক্লাবে অনুষ্ঠান ‘করতে না দেওয়ার’ প্রতিবাদ জানিয়ে খালেদা জিয়া বলেন, সরকার নির্দেশ দিয়ে ওই অনুষ্ঠান বাতিল করিয়েছে।
খালেদা জিয়ার কার্যালয়ে অনুষ্ঠানের শুরু হওয়ার আগে কয়েকজন স্বজনের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে। অনুষ্ঠানের শুরুতে ‘গুম’ হয়ে যাওয়া ব্যক্তিদের ওপর ‘অনন্ত অপেক্ষা’ নামে একটি তথ্যচিত্র দেখানো হয়। এ সময় ছবি দেখে অনেককে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।
খালেদা জিয়া বলেন, সরকার কোনো দিনও এসব তদন্ত করবে না। এদের কাছে সুষ্ঠু তদন্ত হবে না। তাই জাতিসংঘের অধীনে, দেশের নিরপেক্ষ লোকজনকে নিয়ে আন্তর্জাতিক তদন্তের দাবি জানান তিনি। খালেদা জিয়া বলেন, ‘দেশে রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাস ও গুম-খুনের ঘটনা ঘটেছে। আমরা জানি, সরকারের নির্দেশ-আদেশ ছাড়া এসব কাজ র্যাব-পুলিশ করতে পারে না।’
খালেদা জিয়া বলেন, যারা গুম-খুনে জড়িত, একদিন তাদের বিচার হবেই। এখন সান্ত্বনা দেওয়া ছাড়া বিএনপিরও তেমন কিছু করার নেই—এমন মন্তব্য করে তিনি বলেন, ‘আমরা জানি না আমরা কী রকম থাকব, কখন গুম-খুন হয়ে যাব না, তার কোনো নিশ্চয়তা নেই।’
বিএনপির নিখোঁজ সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর বলেন, তাঁর স্বামী নিখোঁজ হওয়ার পর সাধারণ ডায়েরি করেছিলেন। প্রধানমন্ত্রী তাঁকে আশ্বস্ত করেছিলেন। কিন্তু এখন পর্যন্ত তিনি কোনো প্রতিফলন দেখেননি।
নিখোঁজ সাজেদুল ইসলামের বড় বোন মারুফা ইসলাম বলেন, ‘আমরা দুর্বল, কিন্তু হাল ছেড়ে দেব না। দরজায় দরজায় যাব।’
অন্যদের মধ্যে নিখোঁজ হুমায়ুন কবীরের স্ত্রী শাহনাজ আখতার, যুবদলের ইকবাল মাহমুদের স্ত্রী মনোয়ারা বেগম, স্বেচ্ছাসেবক দলের এ এম আদনান চৌধুরীর বাবা রুহুল আমিন চৌধুরী, ছাত্রদলের নিজামুদ্দিনের বাবা শামসুদ্দিন, মাহবুব হাসানের স্ত্রী তানজিনা আখতার, খালিদ হাসানের স্ত্রী সৈয়দা শাম্মী সুলতানা, মাহফুজুর রহমানের বাবা শামসুর রহমান প্রমুখ বক্তব্য দেন।
প্রেসক্লাবে অনুষ্ঠান হয়নি: আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে সব আয়োজন শেষ করেও গতকাল অনুষ্ঠানটি করতে পারেননি আয়োজকেরা। আয়োজক সংগঠন অধিকারের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের পক্ষ থেকে সেখানকার এক কর্মী ফোন করে মিলনায়তনের বুকিং বাতিল করার কথা জানান।
ইউএনবি জানায়, এশিয়ান ফেডারেশন অ্যাগেইনস্ট ইনভলান্টারি ডিসঅ্যাপিয়ারেন্স, দ্য এশিয়ান লিগ্যাল রিসোর্স সেন্টার ও দ্য ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটস শনিবার রাতে এক বিবৃতিতে গুম হওয়া পরিবারের কাছে স্বজনদের ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।